ওসির বিরুদ্ধে সিইসির কাছে ৩ মেয়র প্রার্থীর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে পৌরসভা নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। কুলাউড়া পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র পদপ্রার্থী এ ব্যাপারে গত বুধবার ফ্যাক্স ও ই-মেইলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন।
বিএনপির মেয়র পদপ্রার্থী কামাল উদ্দীন আহমদ, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শফি আলম ইউনুছ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মুহিবুর রহমানের করা অভিযোগে বলা হয়েছে, কুলাউড়া থানার ওসি মতিয়ার রহমান আওয়ামী লীগের প্রার্থী এ কে এম সফি আহমদের পক্ষে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন। এভাবে নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তিন মেয়র পদপ্রার্থী ওসিকে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের অনুলিপি সিলেটের বিভাগীয় কমিশনার, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও কুলাউড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।
মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ অভিযোগের অনুলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে গতকাল শুক্রবার জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তবে অভিযোগ অস্বীকার করে কুলাউড়া থানার ওসি মতিয়ার রহমান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সলমান (এ কে এম সফি আহমদের ডাকনাম) সাহেবের সঙ্গে আমার কোনো সখ্য নেই। তিনি কোনো বিষয়ে কখনো তদবিরও করেননি। তাঁর পক্ষে প্রচারণার প্রশ্নই ওঠে না। বরং জামায়াত-বিএনপির নাশকতার বিরুদ্ধে শক্ত অবস্থানের কারণেই বিএনপির প্রার্থী (কামাল উদ্দীন আহমদ) আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এ ক্ষেত্রে বাকি দুজনকে (শফি আলম ইউনুছ ও মুহিবুর রহমান) শুধু ব্যবহার করা হয়েছে।’