ওসির বিরুদ্ধে হত্যা মামলা
শরীয়তপুরের গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্লার বিরুদ্ধে গতকাল রোববার আদালতে হত্যা মামলা হয়েছে। উপজেলার মশুরগাঁও গ্রামের মুরশিদা বেগম স্বামী হত্যার বিচার চেয়ে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সহকারী পুলিশ সুপার গোসাইরহাট সার্কেলকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।মামলার আরজিতে বলা হয়, ২০১০ সালের ৩০ আগস্ট জোড়া শিশু হত্যা মামলায় উপজেলার ভিমখীল বাজার থেকে সন্দেহভাজন হিসেবে মোকলেছুর রহমানকে (মুরশিদার স্বামী) পুলিশ গ্রেপ্তার করে। থানা হাজতে আটক রেখে রাতভর তাঁকে নির্যাতন করা হয়। পরদিন তাঁকে রিমান্ডে আনা হয়। মুরশিদার কাছে তাঁর স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য ওসি একরাম আলী এক লাখ টাকা দাবি করেন। মুরশিদা ২০ হাজার টাকা দেন। বাকি টাকা না দেওয়ায় মোকলেছুরকে থানা হাজতে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ৩১ আগস্ট রাতে থানা হাজতের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। মুরশিদা বেগম বলেন, ‘ওসি একরাম আলী তাঁর দাবি করা টাকা না পেয়ে থানা হাজতে পিটিয়ে আমার স্বামীকে মেরে ফেলেছেন। সে সময় তাঁর বিরুদ্ধে মামলা করার চেষ্টা করেছি। কিন্তু পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের কারণে মামলা করতে পারিনি। জোরপূর্বক এই ঘটনাটি মীমাংসা করা হয়। তখন আমার পরিবারকে চার লাখ টাকা ও আমার দুই সন্তানকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন ওসি। পরে ওসি কোনো টাকা দেননি। পুলিশের ভয়ে আমার দুই সন্তান বাড়ি ছেড়ে পালিয়ে থাকে। ওসি আমাকেও মেরে ফেলার ভয় দেখান। তাই স্বামী হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেছি।’জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, থানা হাজতে আসামির আত্মহত্যার ঘটনা জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হয়। সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবুল হাসনাত ঘটনাটি তদন্ত করে ২০১০ সালের ৭ সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গোসাইরহাট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, এএসআই শাহাদাৎ হোসেন ও কনস্টেবল জালাল সিকদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। কর্তব্যে অবহেলার অভিযোগে ২০১১ সালের ৩০ এপ্রিল তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এসআই আবুল কালাম আজাদ ও এএসআই শাহাদাৎ হোসেনকে বিভাগীয় শাস্তি (কালো চিহ্ন) দেওয়া হয়। কনস্টেবল জালাল সিকদারের ছয় মাসের বেতন কাটা হয়। ওসি একরাম আলী মোল্লা বলেন, ‘ওই ঘটনায় আমাকে শোকজ করেছিল, আমি তাঁর জবাব দিয়েছি। এখন স্বার্থান্বেষী মহল আমাকে বিপদে ফেলতে এ হত্যা মামলাটি আদালতে দায়ের করেছে।’