ওসির ভুল স্বীকার, ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসির ভুল স্বীকারের মধ্য দিয়ে মেহেরপুরে শ্রমিকদের ডাকা বাস ধর্মঘট পাঁচ ঘণ্টা পর আজ শনিবার সকাল সাড়ে ১০টায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

পুলিশ কর্তৃক শ্রমিক গ্রেপ্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দুর্ব্যবহারের অভিযোগ এনে বাসশ্রমিকেরা আজ ভোর পাঁচটা থেকে এই পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিলেন। এ সময় তাঁরা ওসির অপসারণ দাবি করেন।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব জানান, সদর থানার ওসি শ্রমিকদের কার্যালয়ে গিয়ে নিজের ভুল স্বীকার করায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ওসি মিথ্যা অভিযোগে দুই শ্রমিককে আটক করেন। পরে তাঁদের ছাড়াতে থানায় গেলে ওসি শ্রমিকনেতাদের সঙ্গে খারাপ আচরণ করেন।

ওসি আতিয়ার রহমান জানান, শহরে পটকা ফোটানোর অভিযোগে পুলিশ গতকাল শুক্রবার রাতে কয়েকজনকে আটক করে। রাতেই শ্রমিকনেতারা দুজনকে ছাড়াতে তদবির করতে এলে জানা যায়, তারা শ্রমিক। পরে মধ্যরাতে তাদের ছেড়ে দেওয়ার পরও শ্রমিকরা ধর্মঘট ডাকেন। পরে বাধ্য হয়েই তিনি শ্রমিক অফিসে গিয়ে ঘটনার জন্য সরি বলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঈদকে সামনে রেখে শহরে পটকা ফোটায় কিছু যুবক। এই সময় পুলিশ শহরের মল্লিকপাড়া থেকে তিনজনকে আটক করে। এর মধ্যে দুইজন বাসশ্রমিক ছিলেন। তাঁদের ছাড়াতে নেতারা থানায় ছুটে যান।
শ্রমিকদের অভিযোগ, এ সময় ওসি তাদের সঙ্গে খারাপ আচরণ করেন।