ওসির ভুল স্বীকার, ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুল স্বীকার করায় জেলায় শ্রমিকদের ডাকা বাস ধর্মঘট গতকাল শনিবার সকাল ১০টায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শ্রমিকদের গ্রেপ্তার এবং ওসির দুর্ব্যবহারের প্রতিবাদে শ্রমিকেরা গতকাল ভোর পাঁচটা থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল। এ সময় তাঁরা ওসিকে অপসারণের দাবি জানান।
জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব জানান, সদর থানার ওসি শ্রমিকদের কার্যালয়ে গিয়ে ঘটনার জন্য ভুল স্বীকার করেন। এ কারণে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, ওসি মিথ্যা অভিযোগে দুই শ্রমিককে আটক করেন। পরে তাঁদের ছাড়াতে শ্রমিক নেতারা থানায় গেলে ওসি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
তবে ওসি আতিয়ার রহমান বলেন, শহরের ভেতর পটকা ফুটানোর অভিযোগে পুলিশ শুক্রবার রাতে কয়েকজনকে আটক করে। রাতেই শ্রমিক নেতারা দুজনকে ছাড়িয়ে আনতে থানা যান। মধ্য রাতে দুই শ্রমিককে ছেড়ে দেওয়ার পরও শ্রমিকেরা ধর্মঘটের ডাক দেন। পরে বাধ্য হয়েই তিনি শ্রমিক সংগঠনের কার্যালয়ে গিয়ে ঘটনার জন্য ‘স্যরি’ বলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ সামনে রেখে শহরে পটকা ফুটাচ্ছিলেন কয়েকজন তরুণ। তখন পুলিশ শহরের মল্লিকপাড়া থেকে তিনজনকে আটক করে। এর মধ্যে দুজন বাস শ্রমিক ছিলেন।