ওসির সামনে বসে মুঠোফোনে দলের নেতা-কর্মীদের থানায় আসার নির্দেশ দিলেন পৌর আওয়ামী লীগের নেতা। কিছুক্ষণের মধ্যে নেতা-কর্মীরা থানায় এসে হামলা চালালেন। ঘণ্টা খানেক ধরে চালানো হামলার ঘটনায় পুলিশের তিন কনস্টেবলসহ সাতজন আহতও হলেন। তবু ‘কাউকে চিনতে না পারা’র কথা বলে অজ্ঞাতনামা প্রায় ৫০০ ব্যক্তিকে আসামি করে মামলা করা হলো।
নোয়াখালীর কবিরহাট থানায় গত বুধবার মধ্যরাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ হামলা ও ভাঙচুর চালান। আর তাঁদের থানায় ডেকে আনেন কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক।
গত বৃহস্পতিবার রাতে কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ছাগির আহমঞ্চদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পুলিশের ওপর হামলা, কর্তব্যকাজে বাধা ও সরকারি সম্পদের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুবুল আলম মামলার কথা নিশ্চিত করেছেন। মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে কেন আসামি করা হয়নি, তা জানতে গতকাল শুক্রবার দুপুরে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘রাতের অন্ধকারে হামলাকারীদের ঠিক চেনা যায়নি, তাই এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।’ কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হকের নাম এজাহারে অন্তর্ভুক্ত হবে কি না, এ প্রশ্নের জবাবে ওসি মাহবুবুল আলম বলেন, ‘তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে, মামলা দায়ের হলেও গতকাল বিকেল পর্যন্ত হামলার ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে কবিরহাট পৌর ছাত্রলীগের সভাপতি মোছলে উদ্দিন ওরফে নবীকে ধরতে পুলিশ তাঁর বাড়িতে যায়। তাঁকে না পেয়ে তাঁর দুই ভাই বখতিয়ার হোসেন ও মনির হোসেনকে আটক করে থানায় আনে। কিছুক্ষণ পর তাঁদের সুধারাম থানায় পাঠিয়ে দেয়। এ ঘটনার পর রাত পৌনে ১২টার দিকে জহিরুল হক আটক ছাত্রলীগ নেতার দুই ভাইকে ছাড়াতে থানায় যান। এ নিয়ে তাঁর সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাগিবতণ্ডা হয়। এ সময় মেয়র মুঠোফোনে বিভিন্ন স্থানে ফোন করে দলীয় নেতা-কর্মীদের থানায় আসতে বলেন। এরপর রাত ১২টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী থানায় হামলা ও ভাঙচুর চালান।