জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী এক শিক্ষার্থীকে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানোর ঘটনায় আশুলিয়া থানার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৫ জুন হাজির হতে বলা হয়েছে। সেই সঙ্গে হাসপাতালে দায়িত্বে থাকা এক উপপরিদর্শক ও দুই কনস্টেবলকেও ওই দিন হাজির হতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত সোমবার ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আশুলিয়া থানার ওসিকে ৩১মে আদালতে হাজির হতে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আদালতে আজ হাজির হন আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদের। আদালতে তাঁর পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
পত্রিকার প্রতিবেদন আদালতের নজরে আনা বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আইন উপদেষ্টা ও আইনজীবী এস এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশ অনুসারে ওসি আদালতে হাজির হন। ওসির পক্ষ থেকে জানানো হয় যে, ওই দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। হাসপাতালে দায়িত্বে ছিলেন একজন উপপরিদর্শক (এসআই) ও দুজন কনস্টেবল। এ অবস্থায় আদালত এই তিনজন সহ ওসিকে আগামী সোমবার আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।
সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুর জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গত শনিবার আন্দোলনে নামেন। আন্দোলনের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন নাজমুল হোসেন নামের এক শিক্ষার্থী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে আটক করে পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় তাঁর এক হাতে হাতকড়া দেখা যায়। হাতকড়া লাগানো হাতটি হাসপাতালের বিছানার (বেড) সঙ্গে লাগানো অবস্থায় দেখা যায়।
গত শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নাজমুল হাসান ও মেহেদি হাসান নিহত হন। এ ঘটনার জের ধরে পরদিন আন্দোলনে নামেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আরও পড়ুন...
চিকিৎসাধীন ছাত্রের হাতে হাতকড়া, ওসিকে তলব