ঝালকাঠির রাজাপুরে এক কলেজছাত্রকে নির্যাতন ও চুরির মামলায় গ্রেপ্তার করে হয়রানির অভিযোগে থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা ও এক চিকিৎসকের বিরুদ্ধে আদালতে নালিশি অভিযোগ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে কলেজছাত্র মোহাম্মদ ইমরান হোসেন বাদী হয়ে ওই অভিযোগ করেন। আদালতের বিচারক রুবাইয়া আমেনা ২৮ ফেব্রুয়ারি নালিশি অভিযোগের শুনানির তারিখ নির্ধারণ করেন।
ইমরানের আইনজীবী খান শহিদুল ইসলাম বলেন, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস, উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জীবন বালা ও রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল খায়ের মাহামুদকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ইমরান হোসেন (২৫) রাজাপুর উপজেলার টিঅ্যান্ডটি সড়কের মৃত শাজাহান আলীর ছেলে। তিনি স্থানীয় বড়ইয়া ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ৭ ডিসেম্বর রাত ১১টার দিকে ইমরান হোসেনকে বাড়ি থেকে পুলিশ থানায় ডেকে নিয়ে যায়। এরপর রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস ইমরানকে চোর আখ্যায়িত করে একটি চুরির মামলায় জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য চাপ দেন। এতে ইমরান রাজি না হওয়ায় ওসির কক্ষে আদনানকে বেধড়ক পেটায় পুলিশ। ওসিকে সহযোগিতা করেন এসআই নজরুল ইসলাম ও এএসআই সঞ্জীবন বালা। মারধরের একপর্যায়ে ইমরান জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল খায়ের মাহামুদ ইমরানকে বরিশালে না পাঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখেন। এ কারণে আদনানের সুচিকিৎসা হয়নি। পরদিন ৮ ডিসেম্বর স্থানীয় শিক্ষক ওয়ালিউর রহমানের বাসায় চুরির মামলায় সন্দেহভাজন আসামি দেখিয়ে রাজাপুর থানার পুলিশ ইমরানকে আদালতে সোপর্দ করে। আদালত তাঁকে কারাগারে পাঠান। কারাগারে ইমরান চিকিৎসাধীন ছিলেন। গত ২৩ জানুয়ারি ইমরান উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ জানুয়ারি থেকে ছয় দিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে তিনি চিকিৎসা নেন।
আরএমও মো. আবুল খায়ের মাহামুদ বলেন, ইমরানের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তিনি মানসিকভাবে আতঙ্কগ্রস্ত ছিলেন। তাঁকে সেভাবেই চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি শেখ মুনীর উল গীয়াস প্রথম আলোকে বলেন, ‘ইমরানকে আটক করার পর মারধর করা হয়নি। তারপরও তিনি অসুস্থতার অভিনয় করেছিলেন। এ কারণে তাঁকে হাসপাতালে চিকিৎসা করানো হয়। ইমরানকে চুরির মামলায় কারাগারে পাঠানোর পর তাঁর আত্মীয়স্বজন আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। এর ধারাবাহিকতায় এই মামলা।’