ওসিসহ ছয় পুলিশ সদস্য প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ সিলেট ও লক্ষ্মীপুর থেকে পেশাগত দায়িত্ব পালনে অবহেলার বিভিন্ন অভিযোগে ছয়জন পুলিশকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। এর মধ্যে চাঁদাবাজি ও টেন্ডার বাক্স ছিনতাইয়ের সময় নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে।

প্রত্যাহার করা পুলিশ কর্মকর্তারা হলেন রাজধানীর কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ক্রাইম) মো. ওয়াজেদ আলী, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. শফিক, লক্ষ্মীপুরের রায়পুর থানার এএসআই মো. মোহসিন, কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমান, শফিকুল আলম ও পীযূষ চন্দ্র পাল।

ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) পরিচালিত সংবাদমাধ্যম ডিএমপি নিউজ বলছে, পেশাগত দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে কাফরুল থানার ওসি ওয়াজেদ আলীকে প্রত্যাহার করা হয়েছে। 

সিলেট মেট্রোপলিটান এলাকার সোবহানীঘাটে চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট শফিককে ক্লোজড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পিকআপ ভ্যানচালকের কাছে ৫০০ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, রাত আটটার দিকে নগরীর আম্বরখানা থেকে মো. খলিল মিয়া একটি পিকআপ ভ্যান নিয়ে সোবহানীঘাট যাওয়ার পথে সার্জেন্ট শফিক তাঁর কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন। চালক ২০০ টাকা দিলে তিনি চালককে সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে মারধর করেন।

এ খবর ছড়িয়ে পড়লে পরিবহনশ্রমিকেরা ঘটনার প্রতিবাদে সোবহানীঘাট এলাকায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট শফিককে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে যান।

এদিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলীর (এলইজিডি) কক্ষ থেকে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এএসআইসহ চারজন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে ।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাহ উদ্দিনের ভাষ্য, টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রায়পুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ও পৌর যুবলীগের আহ্বায়ক শামছুল আলম বাবুলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রায়পুর উপজেলা ও পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।

পুলিশের ভাষ্য, টেন্ডার বাক্স ছিনতাইয়ের সময় চারজন পুলিশ সদস্য কর্তব্যরত থাকলেও তাঁরা কোনো ব্যবস্থা না নিয়ে নিশ্চুপ ছিলেন। এ ঘটনায় ওই চার পুলিশ সদস্যকে রায়পুর থানা থেকে লক্ষ্মীপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

রায়পুরা থানার পুলিশ বলছে, ভাঙচুর করা টেন্ডার বাক্সটি উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ছিনিয়ে নেওয়া বাক্সে জমা দেওয়া দরপত্রগুলো উদ্ধার করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।