ওসিসহ দুই কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুধের শিশু থেকে বিচ্ছিন্ন করে দুই মাকে ১৩ ঘণ্টা থানায় আটকে রাখার ঘটনার মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শককে (এসআই) অবিলম্বে প্রত্যাহার করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দুই কর্মকর্তা হলেন ওসি জিয়াউল মোরশেদ ও উপপরিদর্শক মো. মাহতাব হোসেন।
পাশাপাশি ওই ঘটনা তদন্ত করে আগামী ৮ মে আইজিপিকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।
‘দারোগার ক্রোধের শিকার দুই মায়ের ১৩ ঘণ্টা ভোগান্তি’ শিরোনামে ১৪ মার্চ একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটিসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী রানা কাওসার ২০ মার্চ রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২১ মার্চ হাইকোর্ট রুলসহ পুলিশের ওই দুই কর্মকর্তাকে ব্যাখ্যা জানাতে ২৯ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দেন। গতকাল দুই কর্মকর্তা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তাঁদের বক্তব্য দাখিল করেন। আদালতে ওসির পক্ষে আইনজীবী কাজী সাজাওয়ার হোসেন, উপরিদর্শকের পক্ষে এ বি এম আলতাফ হোসেন শুনানি করেন। রিটের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।
পরে আইনজীবী রানা কাওসার প্রথম আলোকে বলেন, ওসি ঘটনার দিন ছুটিতে ছিলেন বলে আদালতকে জানান। উপপরিদর্শক নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তবে দুই মাকে কেন আটক করা হয়েছিল, তার সন্তোষজনক জবাব তাঁরা দিতে পারেননি। পরোয়ানা ছাড়া এভাবে ১৩ ঘণ্টা থানায় দুই মাকে আটক রাখার ঘটনায় হাইকোর্ট অবিলম্বে ওই দুই কর্মকর্তাকে সদর থানা থেকে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছেন।
রিট আবেদনকারী পক্ষ বলেছে, ১২ মার্চ মাদারীপুরের লক্ষ্মীগঞ্জে বিরোধপূর্ণ একটি জমির তদন্তে যান উপপরিদর্শক মাহাতাব। তিনি ওই জমির পাশের বাড়ির পনির হোসেনের কাছে মামলাসংক্রান্ত বিষয় জানতে চান। পনির কিছু জানেন না বলার পর মাহাতাব তাঁকে থাপ্পড় দেন। একপর্যায়ে সদর থানা থেকে তিন গাড়ি পুলিশ নিয়ে পনিরের বাড়িতে যান মাহতাব। এরপর পনিরের স্ত্রী ও ভাবিকে টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয়। পনিরের স্ত্রী ও ভাবিকে তাঁদের ৩ ও ১৮ মাস বয়সী শিশুদের কোল থেকে নামিয়ে রেখে যেতে বাধ্য করে পুলিশ। রাত ১২টার দিকে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।