ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, আটক ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল শুক্রবার রাত পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২৪ জনকে আটক করেছে।

এদিকে এ ঘটনার পর দেবহাটা থানার ওসি কোরবান আলী ও এসআই আবদুল আজিজকে সাতক্ষীরা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। দেবহাটার ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস।

গত বৃহস্পতিবার রাতে দেবহাটার পারুলিয়া বাজারে আবু রায়হানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

আটক ব্যক্তিদের মধ্যে যাঁদের নাম পাওয়া গেছে তাঁরা হলেন আমজাদ হোসেন, ফিরোজ আলম, শহীদুল ইসলাম, সোহরাব আলী, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, জাহিদ ইসলাম, কামরুল ইসলাম, আবদুর রহিম, আবদুল হামিদ, রবিউল ইসলাম, নাজমুল হাসান, আবদুল আল মামুন, আফসার আলী, নবাব আলী সরদার, আনিস সরদার ও মনিরুজ্জামান।

এঁদের মধ্যে মনিরুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সাতক্ষীরার পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেন জানান।

দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান অভিযোগ করেন, জামায়াত-শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে আবু রায়হানকে হত্যা করেছেন। এর আগেও তাঁরা আবু রায়হানের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করে আসবাব পুড়িয়ে দেন। তবে উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর মোহামঞ্চদের দাবি, এ ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।

রায়হানের চাচাতো ভাই সাইফুজ্জামান বলেন, তাঁরা কোনো মামলা করবেন না। তবে সাতক্ষীরার পুলিশ সুপার জানান, পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।