ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাইলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অনুযায়ী আসামিকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করার অভিযোগে চট্টগ্রাম নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদসহ দুই পুলিশের কাছে কারণ ব্যাখ্যা চেয়েছেন আদালত।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নগরের চকবাজার থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির না করায় ওই থানার ওসি আজিজ আহমেদ ও মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেনের কাছে কারণ ব্যাখ্যা চেয়েছেন আদালত। ২৯ সেপ্টেম্বর দুই পুলিশ কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে কারণ ব্যাখ্যা দিতে আদেশ দিয়েছেন আদালত।
আসামির আইনজীবী বিপ্লব ঘোষ বলেন, ৯ সেপ্টেম্বর রাতে চকবাজার এলাকা থেকে সোহান ইয়াছির ইকবাল ওরফে পিয়াস নামের এক যুবককে হিজবুত তাহ্রীরের কর্মী সন্দেহে আটক করে চকবাজার থানা পুলিশ। দুই দিন পর ১১ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করে। রিমান্ড শুনানির দিন ধার্য ছিল রোববার। শুনানিকালে আদালতের কাছে আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আসামি সোহানকে আদালতে হাজির না করা, সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি না নেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। কিন্তু পুলিশ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আদালত ২৯ সেপ্টেম্বর রিমান্ড শুনানি ও দুই পুলিশ কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে কারণ ব্যাখ্যা দিতে বলেছেন।
জানতে চাইলে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মামলাটি তদন্তের জন্য অনুমতি নেওয়া হয়েছে। হয়তো নথিতে না থাকার কারণে দায়িত্বরত পুলিশ তা উপস্থাপন করতে পারেনি। ২৪ ঘণ্টা পর আসামিকে হাজির করার বিষয়ে তিনি বলেন, ৯ সেপ্টেম্বর রাতে আটক করা হলেও পরদিন যাচাই-বাছাই করে মামলা করা হয়েছিল।