ওসিসহ দুই পুলিশকে অব্যাহতির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া ও উপপরিদর্শক (এসআই) মো. ছালেকের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগে করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনায় গত মার্চ মাসে মামলাটি করা হয়।
দুই পুলিশ কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে মারধরের ঘটনাকে ‘ভুল-বোঝাবুঝি’ উল্লেখ করে গত মে মাসে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে প্রতিবেদন দেওয়া হয়। এটি গ্রহণ করা হবে কি না, তা শুনানির জন্য গত বুধবার মহানগর হাকিম আদালত থেকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। তবে শুনানির তারিখ এখনো নির্ধারিত হয়নি।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক উপসম্পাদক আবদুর রহিম চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ২৩ মার্চ ওসি মাঈনুলসহ দুই পুলিশের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজত মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ মার্চ বিকেলে সদরঘাট এলাকায় একটি হোটেলে ঢাকা থেকে আসা এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যান আবদুর রহিম। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। আত্মীয়ের সঙ্গে স্বামী-স্ত্রী দুজন আলাপ করার সময় সদরঘাট থানার ওসি মাঈনুল ইসলাম সেখানে যান। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাঁদের মারধর করেন ওসি। একপর্যায়ে তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে এসআই সালেকসহ আরও দুজন পুলিশ রহিমকে মারধর করে। প্রতিবাদে ওই দিন বিকেলে নেতা-কর্মীরা সদরঘাট সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের একটি রেকার ভাঙচুর করা হয়। পরে আবদুর রহিমকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
ওই ঘটনার পর ওসি মাঈনুলকে প্রত্যাহারের দাবি জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে মাঈনুলকে সদরঘাট থানার ওসির দায়িত্ব থেকে সরিয়ে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ ছাড়া বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত পুলিশ কমিশনারকে মামলাটি গ্রহণ করা এবং বিষয়টি তদন্তের জন্য সহকারী পুলিশ কমিশনারকে (কোতোয়ালি অঞ্চল) নির্দেশ দেন।
তদন্ত শেষে কোতোয়ালি অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেন। আদালতে জমা দেওয়া দুই পৃষ্ঠার প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, তদন্তে সাক্ষ্যপ্রমাণে বাদীর অভিযোগটি ঘটনার ভুল-বোঝাবুঝি বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। উভয়ের মধ্যে কথা-কাটাকাটি, সৃষ্ট ভুল-বোঝাবুঝি ও হাতাহাতি হলেও দায়েরকৃত আইনের ধারা অনুযায়ী মামলা হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এ ছাড়া বাদী মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন।
জানতে চাইলে ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক উপসম্পাদক আবদুর রহিম জানান, দলের জ্যেষ্ঠ নেতাদের পরামর্শে বিষয়টি নিয়ে তিনি আর এগোচ্ছেন না। চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করবেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘মামলাটি চালানোর ইচ্ছা নেই।’
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, পুলিশের দেওয়া চূড়ান্ত আবেদনে আইনগত কোনো ত্রুটি রয়েছে কি না, তা যাচাই-বাছাই করে আদালতকে জানাবেন তিনি।