ওসিসহ দুজনকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে ধর্ষণের ঘটনায় মামলা না হওয়ায় লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুই ব্যক্তিকে তলব করেছেন হাইকোর্ট। ১২ আগস্ট তাঁদের আদালতে হাজির হতে বলা হয়। অপর ব্যক্তি হলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা মনির হোসেন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। ওই দিন ঘটনার শিকার বাকপ্রতিবন্ধী কিশোরীকে নিয়ে আসতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী ফৌজদারি কার্যবিধির ৫৬১(এ) ধারায় আবেদনটি করেন। শুনানি নিয়ে আদালত রুলও জারি করেন। রুলে আমলযোগ্য অপরাধে মামলা গ্রহণে পুলিশের ব্যর্থতায় কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না এবং যথাযথ আইনে মামলা নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।১ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘লৌহজংয়ে প্রতিবন্ধী ধর্ষিত / আ.লীগ নেতার হস্তক্ষেপে থানায় বসে রফা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এটা যুক্ত করে আবেদনটি করা হয়।ওই প্রতিবেদনে বলা হয়, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের সিংহেরহাটি গ্রামে রাস্তা থেকে তুলে নিয়ে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে শিপন ব্যাপারী নামের এক ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।