চা-দোকানি বাবুল মাতবরকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের কমিটি শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ সদস্যকে অভিযুক্ত করেছে। তদন্ত প্রতিবেদনে এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন শাহ আলী থানার তৎকালীন ওসি এ কে এম শাহীন মণ্ডল, উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান খান ও এসআই নিয়াজউদ্দিন মোল্লা, এএসআই দেবেন্দ্র নাথ এবং কনস্টেবল জসিমউদ্দিন। মমিনুর, নিয়াজউদ্দিন ও দেবেন্দ্র নাথকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত এবং এ কে এম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশের উপস্থিতিতে চা-দোকানি বাবুল মাতবরকে মারধর ও কেরোসিনের চুলার ওপর ফেলে দিয়ে দগ্ধ করার ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশ দুটি কমিটি গঠন করে। পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ আহমদ খানকে প্রধান করে দুই সদস্যের একটি এবং ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার (পেশাগত মান ও অভ্যন্তরীণ তদন্ত বিভাগ) টুটুল চক্রবর্তীকে প্রধান করে অপর কমিটি গঠন করা হয়।
গতকাল রোববার দুপুরে ডিএমপি সদর দপ্তরের কমিটির প্রধান উপকমিশনার টুটুল চক্রবর্তী শাহ আলী থানার তৎকালীন ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমিটি এ কে এম শাহীন মণ্ডল (বর্তমানে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত), এসআই মমিনুর রহমান খান ও নিয়াজউদ্দিন মোল্লা, এএসআই দেবেন্দ্র নাথ এবং কনস্টেবল জসিমউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত প্রতিবেদনে।
পুলিশ সূত্র বলেছে, মিরপুর বিভাগের তদন্ত কমিটি ওই ঘটনায় এসআই মমিনুর ও নিয়াজউদ্দিন এবং এএসআই দেবেন্দ্র নাথের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে তদন্ত প্রতিবেদন তৈরি করেছে। তবে গতকাল পর্যন্ত তা মিরপুর বিভাগের উপকমিশনারের কাছে জমা দেয়নি।
ওই তদন্ত কমিটির প্রধান মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ আহমদ খান প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন তৈরি করা আছে। তবে তড়িঘড়ি করে তদন্ত করায় এতে কিছু ঘাটতি রয়ে গেছে। এ কারণে গতকাল প্রতিবেদন জমা দেওয়া হয়নি। আরও ভালোভাবে তদন্ত সম্পন্ন করতে তিনি উপকমিশনারের কাছে আবেদন করে আরও দুদিন সময় নিয়েছেন। তদন্ত প্রতিবেদনে কতজনকে অভিযুক্ত করা হচ্ছে—এ প্রশ্নে তিনি বলেন, এই মুহূর্তে তা বলা যাচ্ছে না।
ডিএমপির সদর দপ্তর সূত্র বলেছে, গত বুধবার রাতে শাহ আলী থানার পুলিশের সোর্সরা (তথ্যদাতা) মিরপুর ১ নম্বরের চিড়িয়াখানা লেকের পাড়ে কিংশুক সমবায় সমিতির পাশে চা-দোকানি বাবুল মাতবরের (৫০) কাছে যান। তখন কথা-কাটাকাটির একপর্যায়ে সোর্স দেলোয়ারের সঙ্গে ধস্তাধস্তির সময় বাবুল কেরোসিন তেলের জ্বলন্ত চুলার ওপর পড়েন। এতে বাবুলের সারা শরীর পুড়ে যায়। ঘটনাস্থলের অদূরে শাহ আলী থানার এসআই মমিনুর, এএসআই দেবেন্দ্র নাথ ও কনস্টেবল জসিমউদ্দিন উপস্থিত ছিলেন। তাঁরা ইচ্ছা করেই বাবুলকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেননি। আর ঘটনার সময় নিয়াজউদ্দিন শাহ আলী থানার কর্তব্যরত কর্মকর্তার (ডিউটি অফিসার) দায়িত্বে ছিলেন। তিনি ঘটনা জানলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেননি। ওসি শাহীন মণ্ডল উদ্ভূত পরিস্থিতি প্রশমনে পদক্ষেপ নেননি। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেননি। এ ক্ষেত্রে শাহ আলী থানার পাঁচ সদস্য কর্তব্য পালনে অবহেলা ও গাফিলতি করেছেন। তাই তদন্ত কমিটি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
ঘটনাস্থলে উপস্থিত বাবুলের স্ত্রী লাকি বেগম শুরু থেকে অভিযোগ করছেন, বুধবার রাত সাড়ে নয়টার দিকে চাঁদা না দেওয়ায় পুলিশের সোর্স দেলোয়ার লাথি মেরে বাবুলকে জ্বলন্ত চুলায় ফেলে দেন। সঙ্গে সঙ্গে বাবুলের সারা গায়ে আগুন ধরে যায়। পুলিশ সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখেন। বাবুল মাটিতে গড়াগড়ি করে আগুন নেভানোর চেষ্টা করেন। তিনি বালতিতে থাকা পানি দিয়ে স্বামীর শরীরের আগুন নেভাতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের হাতে-পায়ে ধরে কান্নাকাটি করলেও কাজ হয়নি। পরে তিনি চিৎকার করে লোকজন ডাকলে সোর্স ও পুলিশ সদস্যরা চলে যান। বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পর বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে তিনি মারা যান।
বাবুলের স্বজনদের হুমকি: লাকি বেগমের বোন শামসুন্নাহার গতকাল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, পুলিশের সোর্সদের আসামি করায় সোর্সদের স্বজনেরা তাঁদের পরিবারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
শামসুন্নাহার বলেন, শাহ আলী থানায় করা মামলায় দোষী পুলিশ সদস্যদেরও আসামি করা হবে—তদন্ত কমিটির এই আশ্বাস বাস্তবায়ন না হলে তাঁরা আদালতে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করবেন।