ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা চলবে
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় এক যুবককে হেফাজতে নির্যাতনের ঘটনায় পুলিশের তিন কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলা চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন। রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, এই রায়ের ফলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন, উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন ও লুৎফুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) শরীফুল ইসলাম ও আবদুল মোমিনের বিরুদ্ধে মামলা চলতে আইনগত কোনো বাধা নেই।
মামলা সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম নামের এক যুবককে পুলিশি হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে তাঁর বাবা শামসুন নূর পাটোয়ারি লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে ২০১৪ সালের ১২ আগস্ট নালিশি মামলা করেন। ওই মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ৭ আগস্ট রামগঞ্জ থানার পুলিশ ব্যারাকের দ্বিতীয় তলায় নিয়ে সাইফুলকে আটকে রেখে নির্যাতন করা হয়। পাশাপাশি সিরিঞ্জ দিয়ে তাঁর দুই চোখ নষ্ট করে দেন রামগঞ্জ থানার তৎকালীন ওসি লোকমান হোসেনসহ অন্যরা।
নালিশি মামলার পরিপ্রেক্ষিতে ওই বছরের ১ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের দায়রা জজ আদালত অভিযোগটি তদন্তের জন্য লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিমকে পাঠান। তিনি ২০১৫ সালের ৫ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিল করে বলেন, সার্বিক অনুসন্ধানে অভিযোগকারীর পক্ষে উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণ এবং মামলার ঘটনা ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রতীয়মান হয় না। ২০ অক্টোবর দায়রা জজ আদালত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন। পরে বাদীপক্ষ দায়রা আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন। ওই মামলার চূড়ান্ত শুনানি শেষে দায়রা আদালতের রায় বাতিল করলেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতে মামলাটির কার্যক্রম চলবে বলে নির্দেশ দেন।