লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় এক যুবককে হেফাজতে নির্যাতনের ঘটনায় পুলিশের তিন কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলা চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর বলেন, রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেন, এসআই মোজাম্মেল হোসেন ও লুৎফুর রহমান, এএসআই শরীফুল ইসলাম ও আবদুল মোমিনের বিরুদ্ধে মামলা চলতে আইনগত কোনো বাধা নেই।
মামলা সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম নামের এক যুবককে পুলিশি হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে তাঁর বাবা শামসুন নূর পাটোয়ারী লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে ২০১৪ সালের ১২ আগস্ট নালিশি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ৭ আগস্ট রামগঞ্জ থানার পুলিশ ব্যারাকে নিয়ে সাইফুলকে আটকে রেখে নির্যাতন করা হয়। সিরিঞ্জ দিয়ে তাঁর দুই চোখ নষ্ট করে দেন রামগঞ্জ থানার তৎকালীন ওসি লোকমান হোসেনসহ অন্যরা।
নালিশি মামলার পরিপ্রেক্ষিতে ১ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের দায়রা জজ আদালত অভিযোগটি তদন্তের জন্য লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিমকে পাঠান। তিনি ২০১৫ সালের ৫ আগস্ট তদন্ত প্রতিবেদনে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রতীয়মান হয়নি। ২০ অক্টোবর দায়রা জজ আদালত মামলাটি খারিজ করে দেন। পরে বাদীপক্ষ দায়রা আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করে। মামলার চূড়ান্ত শুনানি শেষে গতকাল দায়রা আদালতের রায় বাতিল করেন হাইকোর্ট।