ওসিসহ পাঁচজনকে হাইকোর্টে তলব মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় এক গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে দোররা মারার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সালিসে অংশ নেওয়া চারজনকে তলব করেছেন হাইকোর্ট। ১ মার্চ তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।এদিকে দোররা মারার ঘটনায় গতকাল রানীনগর থানায় মামলা হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে ১০১ দোররা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী শেখ আলী আহমেদ এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আইনজীবী অবন্তী নূরুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। শেখ আলী আহমেদ প্রথম আলোকে বলেন, মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যর্থতার ব্যাখ্যা জানাতে ১ মার্চ রানীনগর থানার ওসি শাহরিয়ার খানকে এবং নিজেদের ভূমিকা জানাতে সালিসে অংশ নেওয়া নূর আলম, আজিজুল হক, মোফাজ্জল হোসেন ও আফজাল হোসেনকে হাজির হতে বলা হয়। অবন্তী নূরুল বলেন, ওই ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। ১২ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।আমাদের নওগাঁ প্রতিনিধি জানান, রানীনগর থানার একদল পুলিশ গতকাল সকাল ১০টার দিকে যে গ্রামে দোররা মারার ঘটনা ঘটেছে সেখানে যায়। তারা মাতবর আফজাল হোসেন ও মাদ্রাসাশিক্ষক নূর আলমকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নির্যাতিত গৃহবধূকে থানায় ডেকে এনে মামলা তালিকাভুক্ত করা হয়। আটক দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।রানীনগর থানার ওসি জানান, মামলায় আফজাল হোসেন, নূর আলম, আজিজুল হক, মোফাজ্জল হোসেন, ইছহাক আলী, ফজল মিয়া, শুকুর আলী, আশাব আলী, আবদুুল কাদের, আজাদ হোসেন, শফিকুল ইসলাম ও ছুটু ওরফে বিকাশকে আসামি করা হয়েছে।গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর স্বামীর বন্ধু স্বামীর অনুপস্থিতিতে তাঁর ঘরে গেলে তাঁদের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন গ্রাম্য মাতবর আফজাল হোসেন। পরদিন সালিস বৈঠকে গৃহবধূ ও ওই যুবককে ১০১ দোররা মারা হয়। জরিমানা হিসেবে দুজনের কাছ থেকে মোট পাঁচ হাজার টাকা আদায় করে ভূরিভোজ করা হয়।