ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী, উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার হরিণাকুণ্ডু উপজেলার তানভীর আহমেদ তাঁর স্ত্রীকে অপহরণের অভিযোগে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই অভিযোগ দাখিল করেন।
অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন: উপজেলার সোহাগপুর গ্রামের আবদুর রউফ, আড়ুয়াকান্দি গ্রামের নোমান আলী, তোলা গ্রামের বাচ্চু ও অজ্ঞাতনামা তিন পুলিশ সদস্য। আদালতের বিচারক হেলাল উদ্দীন অভিযোগ আমলে নিয়ে সহকারী পুলিশ সুপারকে (সদর সার্কেল) তদন্ত করে এ ঘটনায় প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
তানভীর জানান, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর তিনি পাশের গ্রামের এক মেয়েকে তিন লাখ টাকার দেনমোহরে বিয়ে করেন। তাঁরা প্রেম করে এ বিয়ে করেন। তাঁর স্ত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। স্ত্রীর ভাই থানার ওসির সঙ্গে গোপনে যোগাযোগ করে তাঁদের ধরে থানায় নিয়ে যান। অনেক টাকা নিয়ে ওসি তাঁর স্ত্রীকে ভাইয়ের (স্ত্রীর ভাই) হাতে তুলে দেন। এখন তাঁর স্ত্রীর ওপর নির্যাতন চালানো হচ্ছে। এ ঘটনায় তিনি গতকাল আদালতে তাঁর স্ত্রীকে অপহরণের দায়ে অভিযোগ দাখিল করেন।
তবে আদালতের ওই অভিযোগে তানভীর উল্লেখ করেন, তাঁর স্ত্রীকে প্রধান আসামি থানার ওসি অন্যজনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য জোর করে অপহরণ করেন। পরে ওসি ৩ নম্বর আসামির (স্ত্রীর ভাই) কাছে তাঁর স্ত্রীকে হস্তান্তর করেন। এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে হত্যাসহ বিভিন্ন মামলা দিয়ে ক্রসফায়ারের হুমকি দেন ওসি এরশাদুল কবীর।
এ ব্যাপারে ওসি এরশাদুল কবীর জানান, তানভীরের স্ত্রীর ভাই থানায় লিখিত অভিযোগ করেন, তাঁর বোনকে এক যুবক বিয়ের কথা বলে আটকে রেখেছেন। তাঁকে উদ্ধারের দাবি করেন। তখন তিনি পুলিশ পাঠিয়ে মেয়েটিকে উদ্ধার করেন। পরে উভয় পক্ষ থানায় এসে সামাজিকভাবে বিয়ে দেওয়ার কথা বলে তাঁদের নিয়ে গেছে। এখন বিয়ে না হওয়ায় এই অপহরণের অভিযোগ করা হচ্ছে।