ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে পুনরায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক নারীর শ্লীলতাহানির অভিযোগে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পাঁচজন সদস্যের বিরুদ্ধে পুনরায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম এ আদেশ দেন।

অতিরিক্ত মহানগর হাকিমের নিচে নন—এমন বিচারিক হাকিমকে দিয়ে ঘটনা তদন্ত করে ৩০ মার্চ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে ৬ মার্চ ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান বিচার বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দেন। আজ মামলার বাদী ওই নারী এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দিলে আদালত পুনরায় তদন্তের নির্দেশ দেন।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি অবনি শংকর, উপপরিদর্শক (এসআই) মো. জসিম, এসআই মো. জামাল, কনস্টেবল দেবাশীষ ও মুগদা থানার এসআই আবদুল কাদের। গত ২০ জানুয়ারি শ্লীলতাহানির অভিযোগে এ মামলা আদালত গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এরপর ৯ ফেব্রুয়ারি তাঁকে যাত্রাবাড়ী থানা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি করা হয়।

ওই নারী তাঁর আবেদনে উল্লেখ করেন, এসআই আবদুল কাদেরের মেয়েকে তাঁর ছোট ভাই ইমরান হোসেন বিয়ে করেন। কিন্তু পুলিশ কর্মকর্তা কাদের ওই বিয়ে মানেননি। পরে কাদের তাঁর ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এসব ঘটনার জের ধরে যাত্রাবাড়ী থানায় তাঁকে এসআই কাদেরসহ অন্য আসামিরা শ্লীলতাহানি করেছেন।