ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানায় শ্লীলতাহানির অভিযোগে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পাঁচজন সদস্যের বিরুদ্ধে মামলা গ্রহণ করে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী সাত কার্যদিবসের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালতের নির্দেশকে ইতিবাচক হিসেবে দেখছে আইন ও সালিশ কেন্দ্র।
এক নারীর করা নালিশি মামলা গ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম এই আদেশ দেন। পাঁচ পুলিশ সদস্য হলেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর, উপপরিদর্শক (এসআই) মো. জসিম, উপপরিদর্শক মো. জামাল, কনস্টেবল দেবাশীষ ও মুগদা থানার উপপরিদর্শক আবদুল কাদের। ওই নারী তাঁর আবেদনে বলেন, এসআই কাদেরের মেয়েকে বাদীর ছোট ভাই ইমরান হোসেন বিয়ে করেন। কাদের এই বিয়ে মেনে নেননি। পরে বাদীর ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন কাদের। এ ঘটনার জের ধরে গত বছরের ৩ ডিসেম্বর যাত্রাবাড়ী থানায় ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টা করেন কাদেরসহ অন্য আসামিরা।
এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে, সেটি অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘পুলিশের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ কিন্তু সব সময়ই ছিল। তবে গত সপ্তাহে পরপর কয়েকটি ঘটনা খুব অল্প সময়ের ব্যবধানে ঘটে যাওয়ায় পুলিশের বিরুদ্ধে যেই আলোড়নটা সৃষ্টি হয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যাঁরা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, তাঁরা এটি নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা করছেন। আমাদের সঙ্গে বিভিন্ন সময় তাঁদের কথাবার্তা হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে এটা তাঁদের ভাবতে বাধ্য করেছে যে এই ধরনের ঘটনা কীভাবে বন্ধ করা যায়। আমরা সেটারই একটা উদ্যোগ ভেবে নিতে পারি।’