নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শকসহ (তদন্ত) সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
গত শনিবার গভীর রাতে উপজেলার মালেক বাজার-উত্তর মুছাপুর সড়কের চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন ওসি সাজেদুর রহমান, পরিদর্শক (তদন্ত) সফিকুর রহমান, উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ও শিশির বিশ্বাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইউ কে সিং এবং কনস্টেবল সাইফুল ইসলাম ও আমির হোসেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশের হাতে আটক থাকা আন্তজেলা ডাকাত দলের সদস্য শেখ কামাল ওরফে এলজি কামাল (৩৪) ও মো. জাহাঙ্গীর ওরফে কাঁচিওয়ালা জাহাঙ্গীরও (২৮) গুলিবিদ্ধ হন। তাঁদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি নিজাম ডাকাত ওরফে বৈজ্ঞা ডাকাতের বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও দুটি তাজা গুলি উদ্ধার করেছে। গোলাগুলির সময় পুলিশ পিস্তল থেকে চারটি এবং শটগান থেকে দশটি গুলি নিক্ষেপ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকার একটি বস্তি থেকে আন্তজেলা ডাকাত দলের সদস্য শেখ কামাল ও জাহাঙ্গীরকে আটক করে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ।
এরপর তাঁদের নিয়ে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সাজেদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মুছাপুর এলাকার বাসিন্দা ডাকাতসর্দার নিজাম ওরফে বৈজ্ঞা ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুটি তাজা গুলি উদ্ধার করে। ফেরার পথে মালেক বাজার-উত্তর মুছাপুর সড়কের চৌরাস্তা এলাকায় পৌঁছামাত্র পাশের জঙ্গল থেকে হঠাৎ পুলিশকে লক্ষ্য করে নিজাম ডাকাতের সদস্যরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১৫ মিনিট দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাজেদুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘আটক দুই ডাকাতকে নিয়ে অস্ত্র উদ্ধার শেষে ফেরার পথে ডাকাতসর্দার নিজামের লোকজন আমাদের লক্ষ করে গুলি ছোড়ে।’ ওসি জানান, আটক দুই ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির ছয়টি মামলা রয়েছে।