সিলেটের জৈন্তাপুর থানাহাজতে নারী নির্যাতন মামলার আসামি নজরুল ইসলাম বাবুর (৩২) মৃত্যুর ঘটনায় ওই থানার ওসিসহ চার পুলিশ ও আরও ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের আমলি আদালত-১-এর বিচারক মো. আতিকুল হায়দারের আদালতে মামলাটি করেন নিহত বাবুর মা রোকেয়া বেগম। এ ছাড়া এ ঘটনায় গাফিলতির অভিযোগে ওই থানার এক এসআইসহ পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবীরকে। এ ছাড়া মামলায় একই থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন, এএসআই জয়নাল, কনস্টেবল আবদুল হান্নানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় নজরুল ইসলামের স্ত্রী নাছরিন ফাতেমা, স্ত্রীর আত্মীয় আবদুল হান্নান, নোমান আহমদ, শাহরিয়ার মাহমুদ, নাজমুল হোসেন ও মইনুল ইসলামকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী ও সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা জানান, হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুর কারণে মৃত্যু নিবারণ আইনে মামলাটি করা হয়েছে। তিনি জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ মে গভীর রাতে নজরুল ইসলামকে তাঁর স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করে পুলিশ। নজরুল ইসলাম জৈন্তাপুর উপজেলার কহাইগড় গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল জলিলের ছেলে। তিনি উপজেলা প্রশাসনে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চাকরি করতেন। পুলিশ জৈন্তাপুরের বটেশ্বর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জৈন্তাপুর থানা হেফাজতে রাখে। ভোরে হাজতে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলে জানালেও নজরুলের পরিবারের দাবি, নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
এ ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে জৈন্তাপুর থানার চারজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ চারজন হলেন এসআই শফিকুর রহমান, এএসআই জয়নাল আবেদিন, কনস্টেবল আক্কাস আলী ও কনস্টেবল নান্টু চাকমা।
গতকাল যোগাযোগ করা হলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই গঠিত পুলিশের তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নির্দেশে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।