সিলেটে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শিবিরের নেতা নিহত হওয়ার ঘটনায় কোতোয়ালি থানা ও ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত শিবিরের নেতা আলী আসগর খানের বাবা সোলেমান খান বাদী হয়ে গতকাল বুধবার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এই মামলা করেন।সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ দিলজার হোসেন মামলাটি আমলে নিয়ে সিলেট মহানগর পুলিশকে (এসএমপি) তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন সিলেট কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান, ট্রাফিক বিভাগের ওসি রাজীব দাস, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মফুর মিয়া, আবদুল ওয়াদুদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) অসিত চন্দ্র দাস ও সাতজন কনস্টেবল।মামলার অভিযোগে বলা হয়, আলী আসগর খান মদন মোহন কলেজ থেকে স্নাতক পাস করেন। তিনি গত ১৬ ফেব্রুয়ারি সকালে ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি নগরের নয়াসড়ক মীরবক্সটুলার রাস্তা অতিক্রম করার সময় কোতোয়ালি থানার ওসি আতাউর রহমানের নির্দেশে পুলিশ গুলিবর্ষণ করে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শিবিরের নেতা রাহাত গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় ঢাকার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি তিনি মারা যান।যোগাযোগ করলে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান প্রথম আলোকে জানান, মামলাসংক্রান্ত কোনো কাগজ গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় এসে পৌঁছায়নি। মামলার কাগজপত্র থানায় এলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।নিহত আলী আসগর খান মহানগর শিবিরের সহকারী তথ্য ও সমাজসেবা সম্পাদক ছিলেন।