ওসিসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২০ হাজার টাকার চাঁদা দাবি এবং ওই চাঁদা না দিলে ক্রসফায়ারে দিয়ে লাশ গুম করার অভিযোগে আদালতে অভিযোগ দিয়েছেন মোকলেছুর রহমান নামের এক ট্রলারচালক। অভিযোগটি আমলে নিয়েছেন বরিশাল মহানগর হাকিম আদালতের বিচারক।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালের মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই অভিযোগ করা হয়েছে। আদালতের বিচারক মো. ফারুক হোসাইন অভিযোগ আমলে নিয়ে ২০ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।

অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ারসহ চারজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন থানার উপপরিদর্শক (এসআই) মুনসুর আলী, উপজেলার মাধবরায় এলাকার জুয়েল মাতুব্বর ও চর খাজুরিয়া এলাকার মো. জাকির শিকদার।

অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় সাংসদের সমাবেশে লোক জমায়েত করার জন্য আসামিরা ১২ মার্চ পরস্পরের যোগসাজশে বাদীর কাছে চারটি ট্রলার দাবি করেন। বাদী তাঁর নিজের ট্রলারটি দিতে রাজি হন। অন্য তিনটি ট্রলার দেওয়া সম্ভব নয় বলে আসামিদের জানিয়ে দেন। এ সময় আসামিরা তাঁর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

১৫ মার্চ সকালে কাজীরহাট থানার এসআই মুনসুর আলী বাদীর বাড়ি গিয়ে ট্রলারসহ মোকলেছুর রহমানকে আটক করেন। পরে তাঁকে থানায় নিয়ে দুপুর পর্যন্ত আটকে রাখেন। এ সময় আসামিরা তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁকে ক্রসফায়ারে দিয়ে লাশ গুম করার হুমকি দিয়ে ওই দিন তাঁকে ছেড়ে দেন। এ ঘটনা কাউকে না জানানোর জন্যও হুঁশিয়ার করেন আসামিরা।

কাজীরহাট থানার ওসি শওকত আনোয়ার অভিযোগ অস্বীকার করেছেন।