ওস্তাদ সৈয়দ জাকির হোসেন আর নেই
ওস্তাদ সৈয়দ জাকির হোসেন বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার ভোরে তাঁর ধানমন্ডির বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১ সেপ্টেম্বর তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে পক্ষাঘাতগ্রস্ত হন। এরপর তাঁর স্মৃতিশক্তি লোপ পায়। গতকাল বাদ জোহর জানাজা শেষে বকশীবাজারের হোসেনী দালান কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।ওস্তাদ সৈয়দ জাকির হোসেনের জন্ম ১৯২৯ সালে। বেড়ে ওঠেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরে। মায়ের দিক থেকে তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার বংশধর। নিজ পরিবারেই তাঁর সংগীতশিক্ষার হাতেখড়ি। তিনি রাগপ্রধান গানের একজন গুণী ওস্তাদ ছিলেন। ঠুমরি ও দাদরা গান চর্চা করেছেন সংগীতজীবনের শুরু থেকেই। মাত্র ১২ বছর বয়সে বহরমপুর সংগীত প্রতিযোগিতায় ঠুমরি আর গজল গেয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। দেশ বিভাগের পর সৈয়দ জাকির হোসেন পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন। ১৯৫২ সালে রেডিও পাকিস্তানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। টিভিতেও প্রায় শুরু থেকেই রাগপ্রধান গান গেয়েছেন তিনি।মাঝে ২০ বছর চাকরি করেছেন কাপ্তাইতে, ওয়াপদায়। মুক্তিযুদ্ধের পর চাকরি থেকে অবসর নেন তিনি।আগামী শুক্রবার ধানমন্ডিতে ছেলের বাড়িতে ও হোসেনী দালানে সৈয়দ জাকির হোসেনের কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।