ওহাব খানের যোগদানের কাগজপত্র নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার মামলায় গ্রেপ্তার এ ওহাব খানের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যোগদানের কোনো কাগজপত্র ওই প্রতিষ্ঠানে নেই। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রারকে গত ৩১ মে দেওয়া চিঠিতে এই দাবি করেছেন ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু শামীম।ওই চিঠিতে বলা হয়েছে, আবু শামীম ২০০৯ সালের ১১ জানুয়ারি সিকদার মেডিকেলে অধ্যক্ষ ও পরিচালক হিসেবে যোগ দেন। সে সময় গুলশান শাখার দায়িত্বে ছিলেন ভারতীয় চিকিৎসক প্রসান্ধন এবং ওই শাখায় কাজ করতেন এ ওহাব খান। ২০০৯ সালের অক্টোবরে প্রসান্ধন দায়িত্ব ছেড়ে চলে গেলে ওই শাখার দায়িত্ব পান শামীম। দায়িত্ব পেয়ে তিনি একাধিকবার ওহাব খানের কাছ থেকে মূল সনদ ও কাগজপত্র চেয়েও পাননি।চিঠিতে শামীম লিখেছেন, তিনি সিকদার মেডিকেল কলেজে যোগ দেওয়ার আট-নয় মাস আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সুপারিশে প্রসান্ধন যখন পরিচালক ছিলেন, তখন তিনি (ওহাব) গুলশান শাখায় চাকরি নেন। চিঠিতে শামীম আরও লিখেছেন, ‘অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কাজে যোগদানের কোনো কাগজপত্র পাওয়া যায় নাই।’উল্লেখ্য, গত ৯ মে প্রথম আলোয় ‘অজ্ঞ থেকে বিশেষজ্ঞ’ শিরোনামে এ ওহাব খানের প্রতারণা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে পরপর কয়েকটি প্রতিবেদন প্রকাশের পর তিনি কীভাবে সিকদার মেডিকেলে নিয়োগ পেয়ে চিকিৎসা দিচ্ছিলেন, তা জানতে চায় বিএমডিসি। বিএমডিসির রেজিস্ট্রার জেড এইচ বাসুনিয়া ১৬ মে লেখা চিঠিতে কলেজের অধ্যক্ষকে ১৫ দিনের মধ্যে বিষয়টি বিস্তারিতভাবে জানাতে বলেন।সিকদার মেডিকেল থেকে পাওয়া এ ওহাব খানের জীবনবৃত্তান্তে দেখা যায়, পরিচয় শনাক্তকারী (রেফারেন্স) হিসেবে একজন সেনা কর্মকর্তার নাম উল্লেখ আছে। গতকাল শুক্রবার এ বিষয়ে যোগাযোগ করা হলে বর্তমানে সাবেক ওই সেনা কর্মকর্তা বলেন, ওহাবকে তিনি ২০০২ সাল থেকে চেনেন। পাবনায় পাশাপাশি দুই উপজেলায় তাঁদের বাড়ি। তবে সিকদার মেডিকেল বা অন্য কোথাও ওহাবের চাকরির জন্য তিনি কোনো সুপারিশ করেননি।মো. নুরুল ইসলাম নামের এক ব্যক্তির ভুল চিকিৎসার অভিযোগ সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে ওহাব খান সম্পর্কে জানতে পারে প্রথম আলো। চিকিৎসাবিজ্ঞানে কোনো ডিগ্রি অর্জন ছাড়াই তিনি দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দেন। সিকদার মেডিকেলে তিনি স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করতেন। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর সিকদার মেডিকেল কর্তৃপক্ষ ওহাবের বিরুদ্ধে হাজারীবাগ থানায় প্রতারণার মামলা করে। বর্তমানে তিনি কারাগারে আছেন।