ওহিদুরের অবস্থা এই ভালো এই খারাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওহিদুর রহমান
ওহিদুর রহমান

‘ডাক্তাররা কইছে, অবস্থা কাইলকার চেয়ে ভালো। দোয়া কইরেন।’
শাহবাগে বাসে পেট্রলবোমা হামলায় পুড়ে যাওয়া ঢাকা কলেজের ছাত্র ওহিদুর রহমানের বড় ভাই মজিবর রহমান গতকাল মঙ্গলবার সকালে এ রকম খবরই দিয়েছিলেন। আবার সন্ধ্যায় ওহিদুরের চাচা মিজানুর রহমান জানালেন, ‘অবস্থা খারাপ। অসহায়ত্ব আর উৎকণ্ঠা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটেই পড়ে আছেন ওহিদুর রহমানের পরিবারের সদস্যরা।

গত বৃহস্পতিবার শাহবাগে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় ১৯ জন দগ্ধ হন। এঁদের প্রায় সবার শরীরের ওপরের অংশ পুড়ে গেছে। ওহিদুরের শ্বাসনালিসহ শরীরের ২৮ ভাগ পুড়ে গেছে। গত সোমবার কৃত্রিম শ্বাসযন্ত্র (লাইফ সাপোর্ট) সংযোজনের পর স্বজনদের উৎকণ্ঠা আরও বেড়েছে। ওহিদুর একটু ভালোভাবে নিঃশ্বাস নিতে পারলেই স্বজনেরা আশায় বুক বাঁধছেন। একটু খারাপ হলেই ভেঙে পড়ছেন কান্নায়। নিবিড় পরিচর্যা কেন্দ্রের সামনে এভাবেই কাটছে তাঁদের সময়।

ওহিদুরের ভাই মজিবর রহমান বলেন, ‘ডাক্তার বলছে, আগের চেয়ে তাঁর হার্টবিট ভালো কাজ করতেছে। আগের চেয়ে ভালোভাবে নিঃশ্বাস নিতেছে। দোয়া কইরেন, ও যেন একেবারেই ভালো হয়ে যায়।’
তবে সন্ধ্যা পার হতে না-হতেই ওহিদুরের পরিস্থিতি আবার খারাপের দিকে যায় বলে চিকিৎসকেরা স্বজনদের জানান। সন্ধ্যা সাতটার দিকে অসহায় কণ্ঠে চাচা মিজানুর রহমান বললেন, ‘ডাক্তার বলেছেন আশপাশে থাকতে। অবস্থা ভালো না।’