ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলতে গিয়ে...
টাঙ্গাইলের সখীপুরে দোলনা খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে মুন্নি (৮) নামের এক বাক্প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাঙ্গুলিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্নি লাঙ্গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম মিন্টু মিয়া। তিনি ইরাকপ্রবাসী।
উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য জয়েন উদ্দিন বলেন, মুন্নি দুপুর ১২টার দিকে বাড়ির পশ্চিম পাশে একটি নিমগাছের ডালে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলছিল। একপর্যায়ে শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে গেলে সে ফাঁস লেগে মারা যায়। পরে মৃত অবস্থায় তার স্বজনেরা তাকে উদ্ধার করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, শিশুটি বাক্প্রতিবন্ধী ছিল। এ ব্যাপারে ওই শিশুর দাদা আবুল হোসেন বাদী হয়ে আজ বিকেলে সখীপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন।