ওড়ার আধঘণ্টা পর নেমে এল বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের আধঘণ্টা পর আবার বিমানবন্দরে নেমে আসে বাংলাদেশ বিমানের কাঠমান্ডুগামী একটি ফ্লাইট। গতকাল শনিবার বিকেলে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পরে ত্রুটি সারিয়ে সাড়ে পাঁচ ঘণ্টা পর ওই ফ্লাইটটি আবার ঢাকা ছেড়ে যায়। এর আগে দীর্ঘ সময় ধরে আটকে থাকা যাত্রীরা দুর্ভোগে পড়ে বিমানবন্দরের ভেতরে বিক্ষোভ করেন। বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বিকেল চারটায় বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইট (বিজি ৭০১) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় আধঘণ্টা আকাশে ওড়ার পর উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সাড়ে চারটার দিকে উড়োজাহাজটি আবার ঢাকায় অবতরণ করে।ওই ফ্লাইটের যাত্রী আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের যাত্রার নির্ধারিত সময় ছিল বেলা পৌনে একটায়। কিন্তু তা সোয়া তিন ঘণ্টা বিলম্বিত হয়। বিকেল চারটায় বিমানটি উড্ডয়ন করলেও আধঘণ্টা পর আবার নিচে নেমে আসে। যাত্রীদের বলা হয়, বিমানের সামান্য ত্রুটি আছে, তা সারিয়ে সাড়ে ছয়টায় ফ্লাইট আবার ছাড়া হবে। সাড়ে ছয়টায় আবার বলা হয়, সাড়ে সাতটায় ছাড়া হবে। এরপর বলা হয়, সাড়ে আটটায় ফ্লাইট ছাড়বে।রাত ১০টার দিকে বিমানের কাঠমান্ডু ফ্লাইট আবার উড্ডয়ন করে।