ওড়ে ঘুড়ি, ফিরে শৈশব
চিল, বাদুড়, প্রজাপতি, উড়োজাহাজ এমনকি টিকটিকিও বাদ যায়নি। গতকাল দিনাজপুরের আকাশে উড়েছিল ওরা সবাই। নানা জন্তু-জানোয়ার ও পতঙ্গের অবয়বে তৈরি রং-বেরঙের এসব ঘুড়ি ওড়াতে শহরের বড় ময়দানে জড়ো হয়েছিল শিশু-কিশোর, নারী ও বয়োজ্যেষ্ঠরা।
দিনাজপুর ঘুড়ি উৎসব কমিটি আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের ঘুড়ি প্রদর্শনী, ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, ঘুড়ি কাটাকাটি, শিশুদের চিত্রাঙ্কন ছাড়াও সন্ধ্যায় ফানুস ওড়ানো ও আতশবাজির আয়োজন করা হয়। প্রদর্শনীতে দেশ-বিদেশের শতাধিক ঘুড়ি স্থান পায়। বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়। দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন সকাল ১০টায় ঘুড়ি উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ঘুড়ি উৎসবে এসে শিশু, কিশোর-তরুণেরা যেভাবে প্রাণের কলরবে মেতে উঠেছে, তেমনি এখানে আসা বয়োজ্যেষ্ঠরাও ফিরে গেছেন শৈশবে। ঘুড়ি ওড়ানো বাঙালি সংস্কৃতির অন্যতম ঐতিহ্য।
বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী উৎসবে ঘুড়ি ওড়ানো এবং ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতার উদ্বোধন করেন। শতাধিক কিশোর ও তরুণ নানা রং-বেরঙের ঘুড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। জেলা প্রশাসক শামীম আল রাজী তাঁর বক্তব্যে বলেন, ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে নতুন প্রজন্ম গ্রাম-বাংলার বহু বছরের লালিত সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে। দিনাজপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী, সাত বান্ধবী ঘুড়ি উৎসবে আসেন। আকাশে নানা আকৃতি ও রঙের ঘুড়ির লড়াই দেখে উল্লাসে ফেটে পড়েন তাঁরা।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে চিকিৎসক মো. শহীদুল্যাহ্ (৭০) বলেন, শিশু ও তরুণ বয়সে শহর-গ্রামে ঘুড়ি ওড়ানো ছিল প্রচণ্ড এক নেশা। ঘুড়ি উৎসব তাঁর মতো সবাইকে সেই শৈশবের সঞ্চৃতি মনে করিয়ে দিয়েছে।
দিনাজপুর ঘুড়ি উৎসব কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও শৌখিন দুই শতাধিক প্রতিযোগী প্রতিযোগিতায় নাম নিবন্ধন করেছেন। প্রতিযোগিতায় যাঁরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন ভবিষ্যতে তাঁরা কক্সবাজার সমুদ্রসৈকতে জাতীয় ঘুড়ি উৎসব প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিবছর দিনাজপুরে ঘুড়ি উৎসব আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।