ওয়াংগারি মাথাই পুরস্কার নিতে খুরশিদার ইতালি যাত্রা
ওয়াংগারি মাথাই পুরস্কার নেওয়ার জন্য গতকাল বুধবার ইতালির উদ্দেশে রওনা হয়েছেন কক্সবাজারের টেকনাফের খুরশিদা বেগম (২৭)। আগামী ২৭ সেপ্টেম্বর রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।নিসর্গ আইপ্যাক প্রকল্পের চট্টগ্রাম দক্ষিণ-পূর্বাঞ্চলের যোগাযোগ কর্মকর্তা বিশ্বজিত সেন প্রথম আলোকে বলেন, এফএওর ব্যবস্থাপনায় এবং নিসর্গ আইপ্যাক প্রকল্পের তত্ত্বাবধানে খুরশিদা দুবাই হয়ে রোম পৌঁছাবেন।খুরশিদা বেগম টেকনাফ সদর ইউনিয়নের কেরতলী গ্রামের মৃত মোহামঞ্চদ ইসলামের স্ত্রী। বিনা বেতনে কঠোর পরিশ্রম করে বন বিভাগের বিশাল সংরক্ষিত বনাঞ্চল রক্ষা, বন্য প্রাণীসহ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় তাঁকে ওয়াংগারি মাথাই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।জাতিসংঘের বন ও পরিবেশবিষয়ক বিভিন্ন সংস্থার উদ্যোগে গঠিত দ্য কোলাবরেটিভ পার্টনারশিপ অব ফরেস্ট (সিপিএ) কেনিয়ার নোবেলজয়ী পরিবেশবিদ ওয়াংগারি মাথাইয়ের নামে এই পুরস্কার প্রবর্তন করে। আর প্রথম পুরস্কারের জন্য মনোনীত হলেন বাংলাদেশের খুরশিদা। পুরস্কারের আর্থিক মূল্য ২০ হাজার মার্কিন ডলার।ইতালির উদ্দেশে যাত্রার আগে খুরশিদা বেগম প্রথম আলোকে বলেন, ‘২৮ নারী সদস্যদের পরিশ্রমের ফল এই আন্তর্জাতিক পুরস্কার। তাঁদের প্রতিনিধি হয়ে আমি এ পুরস্কার নিতে যাচ্ছি।’