ওয়াইএমসিএর মূল মন্ত্র হলো মানবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ইয়ং মেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইএমসিএ) শুধু খ্রিষ্টানদের জন্য কাজ করে না, সব ধর্মের মানুষের জন্য কাজ করে। যারা ধর্মে বিশ্বাস করে, তাদের জন্য কাজ করে, যারা ধর্মে বিশ্বাস করে না, তাদের জন্যও কাজ করে। এদের মূল মন্ত্র হলো মানবতা।
গতকাল শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা ইয়ং মেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের (ঢাকা ওয়াইএমসিএ) ৫০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন।
ওয়াইএমসিএর বহুমাত্রিক কাজের কথা তুলে ধরে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘তারা ফুটবল খেলা শেখায়। ইংরেজি শেখায়, ঘরবাড়ির ব্যবস্থা করে ট্রেনিং দেয়। এটা একটা বিশাল সংগঠন। লন্ডনে এর সঙ্গে আমি দীর্ঘদিন সংযুক্ত ছিলাম। এটার সঙ্গে জড়িত ছিলাম বলে আমি গর্বিত।’ ওয়াইএমসিএতে শিক্ষা পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ত্যাগের মহিমা নিয়ে সবাই এখানে কাজ করে। এটা একটা নোবেল অর্গানাইজেশন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে ধর্মান্ধদের কোনো জায়গা নেই। এখানে সহিংসতার কোনো জায়গা নেই। এখানে মানুষ হত্যার কোনো স্থান নেই। সব ধর্মে শান্তির কথা বলা আছে। কোনো ধর্মে অশান্তির কথা নেই।’ সব ধর্মের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নিয়ে শিগগিরই একটা যৌথ সভা করা হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ প্যাট্রিক ডি’ রোজারিও। ঢাকা ওয়াইএমসিএর সভাপতি উইলিয়াম প্রলয় সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাংসদ নাহিম রাজ্জাক প্রমুখ।