ওয়াইজ অ্যাওয়ার্ড পেল বিবিসি জানালা
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট পরিচালিত ইংরেজি শিক্ষা উদ্যোগ ‘বিবিসি জানালা’ এ বছর ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর এডুকেশন (ওয়াইজ) অ্যাওয়ার্ড পেয়েছে। মুঠোফোন, টেলিভিশন, সংবাদপত্র, ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে নতুন ধারায় শিক্ষাপদ্ধতি প্রকাশের মাধ্যমে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব তৈরির স্বীকৃতি হিসেবে ‘বিবিসি জানালা’ এ পুরস্কার পেল।যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) আওতাভুক্ত ইউকেএইডের অর্থায়নে ‘ইংলিশ ইন অ্যাকশন’ প্রকল্পের আওতায় ২০১৭ সালের মধ্যে বাংলাদেশের আড়াই কোটি মানুষকে ইংরেজিতে দক্ষ করে তোলার লক্ষ্যে বিবিসি জানালা পরিচালিত হচ্ছে।ওয়াইজ অ্যাওয়ার্ড কাতার ফাউন্ডেশনের একটি উদ্যোগ। শিক্ষা, বিজ্ঞান ও সমাজ উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সাল থেকে কাতারের রানি ও কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মোজা বিনতে নাসেরের সহায়তায় এ পুরস্কার প্রবর্তন করা হয়।ওয়াইজ অ্যাওয়ার্ডের জন্য প্রতিবছর ছয়টি প্রকল্প নির্বাচিত হয়, যেগুলো সত্যিকার অর্থেই শিক্ষা ক্ষেত্রে কার্যকর প্রভাব ফেলতে সক্ষম। প্রথম থেকে এ পর্যন্ত পুরস্কারের জন্য ১১৬টি দেশের ৯৮টি প্রকল্প অংশ নিয়েছে। তাদের মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান পায় ১৮টি। এ তালিকা থেকে চূড়ান্ত পুরস্কার অর্জন করে বিবিসি জানালা। বিজ্ঞপ্তি।