ওয়াইজঘাটের ভাসমান হোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকার ওয়াইজঘাটে বুড়িগঙ্গা নদীতে সারিবদ্ধভাবে ভেড়ানো আছে চারটি ভাসমান হোটেল। গত বৃহস্পতিবার ছবিগুলো তুলেছেন সাইফুল ইসলাম
পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকার ওয়াইজঘাটে বুড়িগঙ্গা নদীতে সারিবদ্ধভাবে ভেড়ানো আছে চারটি ভাসমান হোটেল। গত বৃহস্পতিবার ছবিগুলো তুলেছেন সাইফুল ইসলাম

পুরান ঢাকার ওয়াইজঘাটে বুড়িগঙ্গা নদীতে চারটি ভাসমান হোটেল আজও চালু আছে। সিঙ্গেল বা একক কেবিনের ভাড়া মোটে ৬০ টাকা, আর ডাবল বা দ্বৈত কেবিন ১০০ টাকা। একজনকে পাওয়া গেল, যিনি ৪৫ বছর ধরে এখানকার একটি হোটেলে বাস করছেন। ২০ বছর ধরে আছেন এমন একজনের দেখাও মিলল।
নিম্ন আয়ের মানুষের রাত যাপনে উপযোগী একটি স্থান এই ভাসমান হোটেল৷ এই চারটি ভাসমান হোটেল হলো উমা উজালা, বুড়িগঙ্গা, শরীয়তপুর ও ফরিদপুর। বছর দশেক আগে বন্ধ হয়ে যায় এ রকম আরেকটি হোটেল ‘নাজমা’।
হোটেলের মালিকেরা বলেন, গত শতকের সত্তরের দশকে বেশ জমজমাট ছিল ভাসমান এই হোটেলগুলো। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হিন্দু ব্যবসায়ীদের অনেকে এসব হোটেলে রাত যাপন করতেন৷ তাঁদের অনেকেই ঢাকা শহরের ভেতরে কোনো মুসলিম হোটেলে খাবার খেতেন না, রাত যাপনও করতনে নয়। তাই তাঁদের সুবিধার জন্য কিছুসংখ্যক হিন্দু ব্যবসায়ী কাঠের তৈরি নৌযানকে কাজে লাগিয়ে এসব ভাসমান হোটেল তৈরি করেন। তবে সেই হিন্দু মালিকেরা এখন আর নেই। স্বাধীনতার পরে তা মুসলমান ব্যবসায়ীদের হাতে চলে যায়।

ভাসমান একটি হোটেলের কক্ষে ঢুকছেন একজন অতিথি। গত বৃহস্পতিবার ছবিগুলো তুলেছেন সাইফুল ইসলাম
ভাসমান একটি হোটেলের কক্ষে ঢুকছেন একজন অতিথি। গত বৃহস্পতিবার ছবিগুলো তুলেছেন সাইফুল ইসলাম


উমা উজালা হোটেলে প্রবেশ করতে হলে প্রথমে কিছুক্ষণ স্টিলের সরু পথ দিয়ে হাঁটতে হবে। তারপর দেখা মিলবে বাঁশ ও কাঠের তৈরি অভ্যর্থনা টেবিল। তবে কাঠের তৈরি হোটেলের বেশির ভাগ জানালাই উন্মুক্ত। প্রতিটি কক্ষেই আছে একটি খাট, বালিশ, কাঁথা ও ফ্যান।
উমা উজালা হোটেলের পরিচালক মো. রতন বলেন, টিনশেডের তৃতীয় তলার এই ভাসমান হোটেলে ৩৬টি একক ও ১৬টি ডাবল কেবিন রয়েছে। এখানে রাত যাপনের জন্য একক কেবিনে ৬০ টাকা ও দ্বৈত কেবিনে ১২০ টাকা ভাড়া দিতে হয়৷
ফরিদপুর মুসলিম হোটেলে প্রবেশ করে দেখা যায়, হোটেলের ডেকে বসে বাঁশের ঝুড়ি তৈরি করছেন ৭৫ বছর বয়সী আবদুর রহমান। তিনি প্রায় ৪৫ বছর ধরে এই হোটেলে আছেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার বিনোদপুর গ্রামে। স্বাধীনতাযুদ্ধ চলাকালে তিনি কাজের সন্ধানে ঢাকায় আসেন। কিন্তু কোনো কাজ না পেয়ে সদরঘাট টার্মিনালে পান, বিড়ি, সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এরপর থেকেই এই হোটেলের নিয়মিত বাসিন্দা হয়ে যান তিনি। আবদুর রহমান বলেন, ‘সত্তরের দশকে ওয়াইজঘাটের এসব ভাসমান হোটেলে খাবারের বিল পরিশোধ করলেই রাত যাপন করা যেত৷ কোনো ভাড়া নেওয়া হতো না। মাছ, ভাত বা মাংস, ভাত যা খাওয়া হোক, খরচ ছিল কম। এখন খাওয়ার খরচ প্রতি বেলা ৪০ থেকে ৫০ টাকা। আর থাকার জন্য দিই ৬০ টাকা। তারপরও এ হোটেলের মায়া ছাড়তে পারি না।’
উজালা দ্বিতল হোটেলের অতিথি শরিফ হোসেন বলেন, বর্তমান সময়ে ৬০ টাকা দিয়ে ঢাকার অন্য কোনো হোটেলে থাকার কথা চিন্তাও করা যায় না। তাই ২০ বছর ধরে এই হোটেলে আছেন তিনি। এখন দিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় কাজ করেন। আর রাতে এই হোটেলে থাকেন তিনি। শরিফ বলেন, ‘আমাদের মতো লোকের রাইতে থাকার জন্য একমাত্র ভরসা এই ভাসমান হোটেল। এহেনে থাকতে অনেক ভালো লাগে৷ কোনো সমস্যা হয় না৷’

ভেতরে জায়গা না হলে ডেকে মশারি খাটিয়েও রাত পার করার ব্যবস্থা আছে। গত বৃহস্পতিবার ছবিগুলো তুলেছেন সাইফুল ইসলাম
ভেতরে জায়গা না হলে ডেকে মশারি খাটিয়েও রাত পার করার ব্যবস্থা আছে। গত বৃহস্পতিবার ছবিগুলো তুলেছেন সাইফুল ইসলাম


এই হোটেলের আরেক অতিথি ইমরান মিয়া বলেন, ‘এখানে থাকা ও মালামাল রাখার ব্যবস্থা রয়েছে, যা অন্য হোটেলে নাই। তাই সারা দিন হকারি করে রাতে মালামাল নিয়েই হোটেলে চলে আসি। শহরের তুলনায় এখানে ভাড়াও অনেক কম।’
তিনতলাবিশিষ্ট হোটেল বুড়িগঙ্গায় কক্ষ আছে ৫০টি। প্রতিটি কক্ষে আছে ফ্যান। ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, শীতের মৌসুম, ঈদ ও পূজায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নদীপথে অনেক ব্যবসায়ী ঢাকায় আসেন। তখন সব রুম ভাড়া হয়। তবে এ হোটেলে ফেরিওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, ফল ব্যবসায়ীরাই বেশি থাকেন।
দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে ম্যানেজারের দায়িত্ব পালন করা শহীদুল ইসলাম বলেন, হোটেল টিকে থাকলেও আগের ঐতিহ্য আর নেই। কমে গেছে হোটেলে অতিথির সংখ্যা। এখন মানুষ হোটেল দেখার আগে সাজসজ্জা দেখেন। ভাসমান হোটেলে তো আর এসব নেই।