ওয়াক্ফ স্টেটের মোতোয়ালির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়া গ্রামের কফুরন বেওয়া ওয়াক্ফ স্টেটের মোতোয়ালি মোজাম্মেল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ উঠেছে। এ অভিযোগের সূত্র ধরেই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে ওই গ্রামের মানুষ।

সংখ্যাগরিষ্ঠদের নিয়ে গঠিত নতুন কমিটি ওয়াক্ফ সম্পত্তি দখলে নিলেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করছেন না আগের কমিটির মোতোয়ালি। এতে স্থবির হয়ে পড়েছে স্টেটের মসজিদ-মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, উত্তর ডাঙ্গাপাড়া গ্রামে প্রায় দুই একর সম্পত্তি নিয়ে গড়ে উঠেছে কফুরন বেওয়া ওয়াক্ফ স্টেট। ওই গ্রামের নিঃসন্তান কফুরন বেওয়া, কছির উদ্দিন ও নফুর আলী মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয় কাজে ব্যবহারের জন্য মৃত্যুর আগে তাঁদের উল্লিখিত সম্পত্তি ওয়াক্ফ করেন। কত সালে ওই সব সম্পত্তি ওয়াক্ফ করা হয়েছে, তাঁর সঠিক তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে ১৯৪৫ সালে কফুরন মারা যান। তাঁদের দান করা প্রায় দুই একর সম্পত্তির মধ্যে মাত্র ১০ শতক জমির ওপর গড়ে তোলা হয়েছে একটি মসজিদ ও মসজিদ-ভিত্তিক একটি মক্তব। ইমাম ও মুয়াজ্জিনের মাসিক সম্মানীর পরিবর্তে চাষাবাদের জন্য ৩০ শতক করে জমি দেওয়া হয়েছে। অবশিষ্ট জমি গ্রামের বিভিন্ন কৃষককে বাৎসরিক চুক্তিতে দেওয়া হয়েছে। ওয়াক্ফ সম্পত্তি থেকে বাৎসরিক ৩০ থেকে ৩২ হাজার টাকা আয় হয়।

অভিযোগ রয়েছে, মোতোয়ালি প্রায় ২০ বছর ধরে কোনো ধরনের উন্নয়নকাজ করেননি, এমনকি কমিটির কাছে আয়-ব্যয়ের হিসাবও দেননি। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসায় ধীরে ধীরে বিক্ষুব্ধ হয়ে পড়ে মুসল্লি ও গ্রামবাসী। এর পরিপ্রেক্ষিতে গত জুলাই মাসে একটি নতুন কমিটি গঠন করা হয়। ১৩ সদস্যের ওই নতুন কমিটি মসজিদের ইমাম আবদুল ওয়াহেদকে নতুন মোতোয়ালি হিসেবে নিয়োগ দিয়ে এ-সংক্রান্ত কাগজপত্র ওয়াক্ফ প্রশাসকের দপ্তরে পাঠিয়েছে। নতুন কমিটি সম্পত্তি দখল নিয়েছে। তবে সম্পত্তির দলিলপত্র ও দায়িত্ব হস্তান্তর করেননি মোজাম্মেল।

আবদুল ওয়াহেদ বলেন, দীর্ঘদিন ধরে মসজিদ-মাদ্রাসার কোনো উন্নয়ন না হওয়ায় নতুন কমিটি স্টেটের সম্পত্তির দখল বুঝে নিয়ে উন্নয়ন কার্যক্রম শুরু করে। অল্পদিনেই ব্যাপক উন্নয়নকাজ করা হয়েছে।

এ ব্যাপারে মোজাম্মেল বলেন, ‘গ্রামবাসী নতুন মোতোয়ালি নিয়োগ করলেও ওয়াক্ফ স্টেট থেকে তা অনুমোদন হয়নি। তাই আমি এখনো বৈধ মোতোয়ালি।’ হিসাব-নিকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘গ্রামে আমি কার কাছে হিসাব দিব? যেখানে হিসাব দেওয়ার সেখানে ঠিকই দিয়েছি। আমার প্রতিপক্ষরা যা করছে, তা ওয়াক্ফ স্টেটের বিধিবিধান না জেনেই করছে।’