ওয়াগন লাইনচ্যুত আড়াই ঘণ্টা চলেনি শাটল ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনের অদূরে গতকাল দুপুরে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত একটি বগি l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনের অদূরে গতকাল দুপুরে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত একটি বগি l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনের অদূরে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় গতকাল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আড়াই ঘণ্টা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ ছিল। দুপুর আড়াইটার দিকে ষোলশহরের বন গবেষণাগারের সামনে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়। ওয়াগনটি উদ্ধারের পর বিকেল পাঁচটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী বেলা তিনটার শাটল ট্রেনটি নির্দিষ্ট সময়ে ছাড়তে পারেনি। এতে অনেক শিক্ষার্থী বিপাকে পড়েন। তবে গতকাল ছুটির দিন হওয়ায় বিশ্ববিদ্যালয়গামী ট্রেনে শিক্ষার্থীর সংখ্যা কম ছিল।
ষোলশহর রেলওয়ে স্টেশনমাস্টার সাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, দোহাজারী থেকে আটটি বগি নিয়ে আসছিল তেলবাহী ওয়াগনটি। ষোলশহর স্টেশনের কাছে বন গবেষণাগারের কাছে এসে ওয়াগনটির ৭ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে রিলিফ ট্রেনের (উদ্ধারকারী ট্রেন) সাহায্যে লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘ওয়াগন লাইনচ্যুত হওয়ায় তিনটার শাটল ট্রেন আটকে ছিল বলে খবর পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে ষোলশহর স্টেশন কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেছি।’