ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সোনাকান্দা এলাকার মুরাদনগর-শ্রীকাইল সড়কে আজ শুক্রবার সকালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
বাসের যাত্রীরা সোনাকান্দা দরবার শরিফে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়েছিলেন। তাঁরা মাহফিল শেষে বাসে করে বাড়ি ফেরার পথে সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আলাউদ্দিন (৭০) ও আবদুল মোতালেব (৭২) দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া শাহ আলম (৩৫) মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তাঁদের বাড়ি নরসিংদীর রায়পুর উপজেলার তকীপুর গ্রামে।
আহত লোকজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।