ওয়াজ শুনতে গিয়ে চোখ আক্রান্ত দুই শতাধিক মুসল্লির
‘ওয়াজ তো মুই ভালোই শুননু, আইতত (রাতে) বাড়ি গিয়া দ্যাখছ চউখ ফুলি বাম হইছে। ভেতরত খচখচাইছে, নাল হয়া গেইছে, বিষত (ব্যথা) থাকা যাইছে না।’ নীলফামারীর সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী জয়নাল আবেদীন (৪০) গতকাল রোববার এ কথা বলেন।
জয়নাল আবেদীনের বাড়ি বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট গ্রামে। গত শনিবার রাতে পোড়াহাটে ইসলামি জলসায় ওয়াজ শুনতে এসে দুই শতাধিক মানুষ চক্ষুরোগে আক্রান্ত হন। এর মধ্যে ৪০ জন গতকাল লাল চোখ নিয়ে ওই হাসপাতালের বহির্বিভাগে এসেছিলেন চিকিৎসার জন্য। অনেকে আবার সরকারি ১০০ শয্যা হাসপাতাল ও রোটারি চক্ষু হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন।
মরিয়ম চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে আসা রফিকুল ইসলাম (৪০), আজিজুল হক (৫৮) প্রমুখ বলেন, ওয়াজের প্যান্ডেলে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়। এর মধ্যে একটি বাল্ব অনেক বেশি তীব্র আলো ছড়াচ্ছিল। সম্ভবত ওই আলোই তাঁদের চোখ আক্রান্ত হয়।
মরিয়ম হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কর্মকার বলেন, ‘ওয়াজ মাহফিলে চক্ষুরোগে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটা ভাইরাসজনিত সমস্যা বলে ধারণা করা হচ্ছে। তবে অন্য কোনো কারণ আছে কি, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বোঝা সম্ভব নয়। দু-এক দিনের মধ্যেই আমরা বিষয়টি নিশ্চিত হতে পারব।’
ওয়াজ মাহফিলের আলোকসজ্জার দায়িত্বে থাকা জেরিন ডেকোরেটরের মালিক মনিরুজ্জামান বলেন, লাইটের জন্য এর আগে কারও চোখের ক্ষতির খবর পাওয়া যায়নি।