ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, স্মরণসভা, রক্তদান, মিলাদ ও দোয়া মাহফিল, মসজিদ, মন্দির, গির্জা ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
২০০৯ সালের এই দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ওয়াজেদ মিয়ার জন্ম।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বাদ আসর সুধা সদনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ বাদ আসর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। একই কর্মসূচি আলাদাভাবে পালন করে যুবলীগ।
রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ।
আমাদের রংপুর অফিস জানায়, ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রংপুর টাউন হলে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং ড. ওয়াজেদ স্মৃতি সংসদ জেলা শিল্পকলা একাডেমিতে পৃথক দুটি স্মরণসভার আয়োজন করে।
দুটি সংগঠনই পৃথকভাবে সকালে ওয়াজেদ মিয়ার বাসভবন পীরগঞ্জের ফতেহপুরে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সকালে টাউন হল চত্বরে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে। বিকেলে নগরের কেরামতিয়া মসজিদে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।