ওয়াটার ট্যাক্সি: আগ্রহের কমতি নেই, আছে দুর্ভোগও
শুধু পরিবহনসেবা নয়, রাজধানীর হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি সার্ভিস নগরবাসীর বিনোদনেও ভূমিকা রাখছে। ১৬ ডিসেম্বর এই সেবা চালু হওয়ার পর এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ওয়াটার ট্যাক্সির জনপ্রিয়তাও বাড়ছে। নগরের বিভিন্ন স্থান থেকে শুধু ওয়াটার ট্যাক্সিতে চড়তে হাতিরঝিলে আসছে সাধারণ মানুষ। তবে ট্যাক্সিতে চড়তে ভোগান্তিতেও পড়তে হচ্ছে তাদের।
সরেজমিন দেখা গেছে, যাতায়াতের পাশাপাশি বাড়তি বিনোদন অনেকেরই আগ্রহের মাত্রা বাড়িয়ে তুলেছে। অনেকেই এই ট্যাক্সিতে প্রতিদিনের যাত্রী হলেও কেউ কেউ বিনোদনের উপলক্ষ হিসেবে বেছে নিয়েছে এই ওয়াটার ট্যাক্সি সার্ভিসকে। অতিরিক্ত আগ্রহের কারণে ওয়াটার ট্যাক্সির ঘাটগুলোতে প্রতিদিনই ভিড় বাড়ছে। যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় ট্যাক্সিকে উঠতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, বিশেষ করে বিকেল চারটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি ভিড় থাকে। ট্যাক্সির সংখ্যা কম হওয়াই এর মূল কারণ।

ছুটির দিনগুলোতে যাত্রীদের চাপ বেড়ে দ্বিগুণ হলে দুর্ভোগ আরও বেড়ে যায়। আলমগীর সিদ্দিকী নামের এক যাত্রী বললেন, ‘ওয়াটার ট্যাক্সিতে চড়ে ভ্রমণ খুবই উপভোগ্য। কিন্তু প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করেও ট্যাক্সি পাইনি। ওয়াটার ট্যাক্সি কম এবং স্বল্পসংখ্যক আসন হওয়ায় মাঝেমধ্যেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।’
হাতিরঝিল থেকে দুটি রুটে চলে ওয়াটার ট্যাক্সি। মেরুল বাড্ডা থেকে মগবাজার সাতরাস্তা পর্যন্ত রুটে ভাড়া ২৫ টাকা এবং এফডিসির সামনে থেকে গুলশান-১ পর্যন্ত রুটের ভাড়া ৩০ টাকা। প্রতিটি ওয়াটার ট্যাক্সির যাত্রী ধারণক্ষমতা ৩০ জন। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ট্যাক্সি চলে।
‘করিম গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠান ওয়াটার ট্যাক্সি পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাদের চিফ অপারেটিং অফিসার নাজমুল হোসাইন বলেন, তিনটি টার্মিনালেই দিনে হাজার খানেক টিকিট বিক্রি হয়। এক সপ্তাহে ভালো সাড়া পেয়ে তাঁরা জানুয়ারিতে দুটি ও ফেব্রুয়ারিতে চারটি অতিরিক্ত ওয়াটার ট্যাক্সি নামানোর কথা ভাবছেন। তবে টার্মিনাল বাড়ানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই।
স্বাচ্ছন্দ্যে যাতায়াতের প্রত্যাশা করে আরেক যাত্রী নুসরাত সালমা হ্যাপি বলেন, ‘আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। হয়তো আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। চাহিদার তুলনায় সার্ভিসটি খুবই সীমিত। তাই অনেক সময়ই এমন বেকায়দায় পড়তে হয়।

প্রতিদিন গড়ে এক হাজার থেকে দেড় হাজার মানুষ ওয়াটার ট্যাক্সিতে ভ্রমণ করে। ছুটির দিনে যাত্রীসংখ্যা হয় প্রায় তিন হাজার। এমন তথ্য দিয়ে ওয়াটার ট্যাক্সি সার্ভিসে ঘাটের লাইনম্যান মিলু গাজী ও আবদুল কালাম বলেন, বিপুলসংখ্যক যাত্রীদের সেবা দিতে এই দুই রুটে ছাড়া হয়েছে মাত্র চারটি ওয়াটার ট্যাক্সি। এত কমসংখ্যক ট্যাক্সি প্রতিদিন ৪০-৪৫টি ট্রিপ দেয়, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।
শুধু বিনোদনের জন্য নয়, দ্রুত যাতায়াতের জন্য অনেকে ওয়াটার ট্যাক্সিতে চড়েন। নাজমা বেগম নামের এক যাত্রী বলেন, দ্রুত বাড়ি ফেরার জন্য এই ওয়াটার ট্যাক্সি সার্ভিসে এসেছি, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও যেতে পারছি না। মাত্র চারটি ওয়াটার ট্যাক্সিতে এত মানুষের সেবা দেওয়া খুবই কঠিন।
যাত্রীদের নিরাপত্তার জন্য সব ট্যাক্সিতেই সাজানো আছে লাইফ জ্যাকেট। দুটি ট্যাক্সি অতিক্রম করার সময় ট্যাক্সির গতি কমিয়ে অতিক্রম করেন, যেন বড় ঢেউ তৈরি না হয় এবং ট্যাক্সির ভেতরে পানি ঢুকে না যায়। সুমাইয়া নামের এক যাত্রী বললেন, ‘আমি এই ওয়াটার ট্যাক্সিতে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এরা খুব ভালোভাবে ট্যাক্সি নিয়ন্ত্রণ করে।’ নিয়মিত যাত্রীরা দুর্ভোগের শিকার হলেও অনেকের মতে, ওয়াটার ট্যাক্সি সেবাটি কেবল শুরু হয়েছে। ভবিষ্যতে ওয়াটার ট্যাক্সির সংখ্যা বৃদ্ধি করা হলে যাত্রী দুর্ভোগ কমবে বলে তাদের আশা।

হাতিরঝিল প্রকল্পের পরিচালক (রাজউক) জামাল আকতার ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে একটা ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রয়োজন হলে পরে ভাড়ার হার পরিবর্তন করা হবে।