ওয়াটার ট্যাক্সিতে আনন্দ ভ্রমণ

পুরো নৌযানটিই রঙিন। ঝকঝকে নতুন। উঠেই যাত্রীদের ছবি তোলার ব্যস্ততা। কেউ কেউ তো আবার সামনে গিয়ে দুই হাত ছড়িয়ে দিচ্ছেন। পৌষের ঠান্ডা বাতাসে পানির ওপরে ছুটে চলা। ব্যস্ত রাজধানীর বুকে একটুখানি রোমাঞ্চকর অনুভূতি। এক সপ্তাহ ধরে চালু হওয়া হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি ভালোই সাড়া পাচ্ছে ঢাকাবাসীর।
গত বৃহস্পতিবার বিকেলে এফডিসির কাউন্টারে দেখা যায়, খুব বেশি ব্যস্ততা না থাকলেও কাউন্টার খালি থাকছে না। কেউ না কেউ টিকিটের জন্য দাঁড়িয়ে আছেন। ওদিকে টিকিট চেক করে সবাইকে প্রবেশ করানো হচ্ছে। এফডিসি থেকে গুলশান-১ যাওয়ার জন্য ট্যাক্সিতে চড়েছেন মোসাদ্দেক হোসেন। সঙ্গে তিন বছরের ভাতিজি নূরাইয়া হোসেন, নৌযানটি ঘিরে যার অনেক আগ্রহ। চাচাকে অনবরত প্রশ্ন করেই যাচ্ছে। মোসাদ্দেক বলেন, ‘ওর আসলে এ রকম বোটে চড়া হয়নি। তাই ঘোরাতে নিয়ে এলাম। ভালোই লাগছে। ঢাকার মধ্যে এ রকম সার্ভিস চালু করাতে একদিকে যেমন যাতায়াত হচ্ছে, আবার একটু নদীর আমেজও পাওয়া যাচ্ছে।’
১৬ ডিসেম্বর হাতিরঝিলে চালু হয় ওয়াটার ট্যাক্সি সেবা। এখন পর্যন্ত চারটি ট্যাক্সি চলছে। হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অধীনে এ ওয়াটার ট্যাক্সিগুলো এফডিসি থেকে বাড্ডা সংযোগ সড়ক ও রামপুরা সেতুর মধ্যে যাতায়াত করে। এফডিসি, গুলশান-১, বাড্ডা সংযোগ সড়ক ও রামপুরা সেতু এলাকায় আছে ট্যাক্সির তিনটি টার্মিনাল। মূল টার্মিনাল এফডিসি থেকে রামপুরা পর্যন্ত ভাড়া ২৫ টাকা এবং গুলশান-১-এর ভাড়া ৩০ টাকা। একটি যানে ৩০ জনের বসার ব্যবস্থা। নারী, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের সংরক্ষিত আসন আছে। কাউন্টারের লোকজন বলছেন, বেশ ভালোই সাড়া পাচ্ছেন তাঁরা।
এফডিসি থেকে গুলশান-১ সময় লাগছে প্রায় ২০ মিনিট। এ সময়টুকুতে অনেকেই চেষ্টা করছেন নিজেদের ভ্রমণকে ক্যামেরায় বন্দী করে রাখার। ট্যাক্সিতে বসে নানাজনের নানা মন্তব্য। অধিকাংশই সাধুবাদ জানাচ্ছেন। সুলতানা আমিন ভিড়ভাট্টা নেই বলে স্বস্তিবোধ করছেন। অফিস করতে তাঁকে এফডিসি-গুলশান যাতায়াত করতে হয়। সময় একটু বেশি লাগলেও এ ট্যাক্সি সেবাই নিচ্ছেন। তিনি বলেন, ‘বাসের মতো ঠেলাঠেলি করতে হয় না। তবে এমন কত দিন রাখে সেটাই দেখার বিষয়।’ তবে ভাড়া বেশি বলে শুরু থেকেই অনেকে আপত্তি করছিলেন।
টার্মিনালগুলোর নোটিশ বোর্ডে লেখা আছে—ওয়াটার ট্যাক্সি সেবা চলবে সকাল সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত। এফডিসি থেকে গুলশান-১ যাওয়ার একটি ট্যাক্সির চালকের সহকারী রিয়াজউদ্দিন বলেন, দিনে ৩০ বারের বেশি তাঁরা যাত্রী নিয়ে চলাচল করেন।
হাতিরঝিলের এ ট্যাক্সি সেবা পরিচালনার দায়িত্ব পেয়েছে ‘করিম গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠান। এর চিফ অপারেটিং অফিসার নাজমুল হোসাইন বলেন, তিনটি টার্মিনালেই দিনে প্রায় হাজার খানেক টিকিট বিক্রি হয়। এক সপ্তাহে ভালো সাড়া পেয়ে তাঁরা জানুয়ারিতে দুটি ও ফেব্রুয়ারিতে চারটি অতিরিক্ত ওয়াটার ট্যাক্সি নামানোর কথা ভাবছেন। তিনি আরও বলেন, অফিসগামী মানুষের চেয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যা বেশি। আরও ওয়াটার ট্যাক্সি নামানো হলে ভাড়া কমানোর ব্যাপারে চিন্তা করবেন।