ওয়াটার বাসে যাত্রীসংকট, দায়ী বুড়িগঙ্গা?
অব্যবস্থাপনা, পন্টুনের অভাব—নিজেদের সব দায় পাশ কাটিয়ে ওয়াটার বাস সার্ভিসে যাত্রীসংকটের জন্য নদীদূষণকে দায়ী করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। পানিতে দুর্গন্ধের কারণে যাত্রীরা নিরাপদ ও সাশ্রয়ী হওয়া সত্ত্বেও এই সেবা নিতে আসছে না বলে দাবি তাদের।
তবে সরেজমিনে, যাত্রী ও এই সেবার সঙ্গে যুক্ত লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, অব্যবস্থাপনা, পন্টুনের অভাব, ঘাট ইজারাদারদের বাধা, ওয়াটার বাসগুলোর ধীরগতি-যান্ত্রিক ত্রুটি ও পরিকল্পনার অভাবে যাত্রীশূন্যতায় ভুগছে এই সেবা।
সম্প্রতি এ সেবার অবস্থা সরেজমিনে দেখতে যান এই প্রতিবেদক। মিটফোর্ড হাসপাতালসংলগ্ন বুড়িগঙ্গার বাবুবাজার ঘাট থেকে বিকেলে ওয়াটার বাসে ওঠেন ১০ জন আরোহী। এঁদের মধ্যে পাঁচজনই ওয়াটার বাসটির চালক-কর্মী। পথে সোয়ারীঘাট থেকে আরও ১৫ জন যাত্রী ওঠেন। আধা ঘণ্টা পর ১০ টাকার টিকিটের এই যাত্রীরা খোলামোড়া স্টেশনে নেমে যান। শেষ পর্যন্ত পাঁচজন যাত্রী নিয়ে আমিনবাজার ঘাটে আসে ৮৩ আসনের ওয়াটার বাসটি। যাত্রীদের কাছে টিকিট বিক্রি করে আয় হয় ৩১০ টাকা। আর জ্বালানি খরচ হয় প্রায় ছয় হাজার টাকার।
এভাবে চার বছর ধরে চলছে বাবুবাজার-আমিনবাজার নৌপথের ওয়াটার বাস সার্ভিস। এ কারণে ২০১৬ সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিআইডব্লিউটিসির লোকসান হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা।
অব্যবস্থাপনায় বাড়ে লোকসান
‘ওয়াটার ট্যাক্সি’ নাম দিয়ে ২০০৪ সালে একটি নৌযান নামানো হয়েছিল। জ্বালানি (অকটেন) খরচ বেশি হওয়ায় ও যাত্রীসংকটের কারণে বন্ধ হয়ে যায় নৌযানটি। ছয় বছর পর ২০১০ সালে দেড় কোটি টাকায় তৈরি ৩৫ আসনের এমএল তুরাগ ও এমএল বুড়িগঙ্গা নামিয়ে ওয়াটার বাস সার্ভিসের উদ্বোধন করেন বর্তমান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ৩০ টাকা ভাড়ায় যাত্রী না পাওয়ায় আর্থিক ক্ষতি ও নৌযানে যান্ত্রিক ত্রুটির কারণে দেড় বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়ে এই উদ্যোগ। ২০১৩ সালে তৃতীয়বারের মতো এই সার্ভিস চালু করা হয়। এবার ১০ টাকা বাড়িয়ে ভাড়া নির্ধারণ করা হয় ৪০ টাকা। এমএল বুড়িগঙ্গা ও এমএল তুরাগের সঙ্গে ৩ কোটি টাকায় তৈরি আরও চারটি ওয়াটার বাস যুক্ত করা হয়। তখন ছয়টি ওয়াটার বাস দিয়ে ১৪টি ট্রিপ দেওয়া হতো। যাত্রীসংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল। একটি বড় ওয়াটার বাসে ৮৩টি আসন থাকলেও অনেক সময় প্রায় ১০০ যাত্রী থাকত বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
হঠাৎ করে কম গতির পুরোনো ছোট ওয়াটার বাস ‘তুরাগ’ ও ‘বুড়িগঙ্গা’কে বেশি ট্রিপ দেওয়া হয়। এতে আসা-যাওয়ায় সময় বেশি লাগায় যাত্রী কমে যায়। পাশাপাশি ট্রিপ সংখ্যা ১৪ থেকে ৬টিতে নামিয়ে আনা হয়। যাত্রী আরও কমতে থাকে।

কিন্তু এসব অব্যবস্থাপনা নয়, নদীদূষণকেই এ সেবার বড় অন্তরায় বলে দাবি করেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জ্ঞানরঞ্জন শীল। তিনি বলেন, বাদামতলীর যানজট পেরিয়ে যাত্রীরা লঞ্চঘাটে আসতে চান না। এ ছাড়া খোলামোড়া ও সোয়ারীঘাটে নিজস্ব পন্টুন থাকলে যাত্রী পাওয়া যেত।
২০১৬ সালের জুলাই মাসে ১ লাখ টাকায় বিআইডব্লিউটিসি ওয়াটার সার্ভিস পরিচালনার দায়িত্ব দেয় ইমরান এন্টারপ্রাইজকে। কিন্তু ২৫ লাখ টাকা লোকসান গুনে প্রতিষ্ঠানটিও সরে আসে। প্রায় তিন মাস বন্ধ থাকার পর এপ্রিল মাসে বিআইডব্লিউটিসি নিজেরাই ওয়াটার বাস পরিচালনা শুরু করে।
ইমরান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আলী আশরাফ বলেন, প্রথম দিকে বেশ ভালো যাত্রী পাওয়া যাচ্ছিল। কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সঙ্গে ওয়াটার বাসের মাস্টার-সুকানিদের (নৌযানচালক) দ্বন্দ্বের কারণে এই সময় চার দিন সার্ভিস বন্ধ রাখা হয়। এরপর যাত্রী কমতে থাকে।
আলী আশরাফ অভিযোগ করেন, সোয়ারীঘাট ও খোলামোড়া স্টেশনে ঘাট ইজারাদারেরা ওয়াটার বাসগুলোকে ভিড়তে বাধা দেয়। এই সমস্যা সমাধানে বিআইডব্লিউটিসি কোনো উদ্যোগ নেয়নি। যাত্রীদের সুবিধার জন্য বাদামতলী ১ নম্বর ঘাটে একটি পন্টুন স্থাপনের কথা ছিল। বিআইডব্লিউটিএ তা–ও করেনি।
তবে যাত্রীসংকটের জন্য বুড়িগঙ্গার দূষণকে দায়ী করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ বছরের ১৮ জানুয়ারি সংস্থাটির পর্যালোচনা সভায় এই কারণ উল্লেখ করে বলা হয়, বাদামতলী ঘাটের প্রবেশপথে যানজট ও বুড়িগঙ্গার দূষণের কারণে সাধারণ মানুষ ওয়াটার বাসে চলাচলে আগ্রহ পান না।
নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব অবশ্য মনে করেন, পরিকল্পনাতেই ভুল ছিল। এর সঙ্গে কর্তৃপক্ষের অনাগ্রহ মিলে এই অবস্থা দাঁড়িয়েছে। তিনি বলেন, ওয়াটার বাসের ঘাটগুলো মানসম্মত নয়। ঘাটের সংলগ্ন এলাকায় বাস সার্ভিস থাকা প্রয়োজন। যাতে করে যাত্রীরা সহজে ঘাটে এসে ওয়াটার বাসে চড়তে পারেন। কিন্তু তা নেই। তিনি বলেন, ‘জ্ঞানপাপীরা জেনে–বুঝে–শুনে এ সেবাটিকে গলা টিপে হত্যা করেছে।’