ওয়াটার সামিটে যোগ দিতে হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদাপেস্ট ওয়াটার সামিট ২০১৬-তে যোগ দিতে চার দিনের সফরে আগামী রোববার সকালে হাঙ্গেরি যাচ্ছেন। হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডাবের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাঁর অফিসে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
রোববার সকাল নয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুদাপেস্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানকার বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন হাঙ্গেরির মিনিস্টার অব স্টেট ফর সিকিউরিটি পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইস্টভান মিকোলা। এ ছাড়া হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর ও বাংলাদেশে নিযুক্ত হাঙ্গেরির রাষ্ট্রদূত গিউলা পেথো সেখানে উপস্থিত থাকবেন।
এই সফরে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরাম উদ্বোধন করবেন শেখ হাসিনা। দুই দিনব্যাপী বুদাপেস্ট ওয়াটার সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন আগামী সোমবার। শেখ হাসিনা হাঙ্গেরির প্রেসিডেন্টের সঙ্গে পানিবিষয়ক উচ্চপর্যায়ের প্যানেল বৈঠকে যোগ দেবেন এবং প্রেসিডেন্টের আমন্ত্রণে ভোজসভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী হাঙ্গেরির প্রেসিডেন্ট ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাসটেইনেবল ওয়াটার সলিউশন এক্সপো পরিদর্শন করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ব্রিফিংয়ে আরও বলেন, শেখ হাসিনার সফরে বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে চারটি সমঝোতা চুক্তি হবে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা, পানি ও কৃষি ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হবে। এর মধ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে এফবিসিসিআই ও হাঙ্গেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডাবের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বুদাপেস্টের হিরোস স্কয়ার পরিদর্শন করবেন এবং দেশটির জাতীয় বীর ও নিহত সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী আগামী বুধবার দেশে ফিরে আসবেন।