ওয়াদা করে বলছি, নির্বাচন নিরপেক্ষ হবে: মোদাচ্ছের

আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে ও নিরপেক্ষ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ওয়াদা করে বলছি, আগামী নির্বাচন অবশ্যই যথাসময়ে হবে এবং একদম নিরপেক্ষ হবে। যাঁর ভোট তিনি এবং যাঁকে খুশি তাঁকে দিতে পারবেন। শেখ হাসিনাই দেশে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। সুতরাং মায়ের চেয়ে মাসির দরদ বাচ্চার প্রতি বেশি থাকে না।’
আজ সোমবার সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৫০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, বিরোধী দল যতই চেষ্টা করুক তারা নির্বাচন বানচাল করতে পারবে না। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। সরকারের উন্নয়ন কার্যক্রম যাতে প্রচার না পায়, এ জন্য বিরোধী দল নানাভাবে বিশৃঙ্খলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তাই চায়ের দোকান থেকে শুরু করে সবখানে ২৪ ঘণ্টা সরকারের সাফল্য তুলে ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি।
মোদাচ্ছের আলী সকালে সুনামগঞ্জে সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভইসার এলাকায় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৫০ শয্যার একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সেখানে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সুনামগঞ্জের সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময়ে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক মুকুল রঞ্জন চক্রবর্তী।