শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ধারাবাহিক ষড়যন্ত্রের মধ্যে আবার ওয়ান-ইলেভেনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। ইলিয়াস আলীর ঘটনাসহ সাম্প্রতিক অন্যান্য ঘটনা প্রমাণ করে, বিগত ওয়ান-ইলেভেনের ক্রীড়নকেরা মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় লিপ্ত। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্যবাদী দল (এমএল) আয়োজিত মানববন্ধনে দিলীপ বড়ুয়া এ কথা বলেন। তিনি গণতন্ত্র ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শিল্পমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনতাবিরোধী শক্তি এ দেশে গুম ও হত্যার রাজনীতির সূচনা করে। এরই ধারাবাহিকতায় চিহ্নিত অপশক্তি সম্প্রতি ইলিয়াস আলীর ঘটনাসহ অন্যান্য ঘটনা ঘটিয়ে সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগের নেতা আহসানউল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড ঘটলেও দেশে এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হয়নি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, চিহ্নিত অপশক্তি অদৃশ্য তৃতীয় শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করার কূটকৌশল অবলম্বন করছে। এ অপশক্তির লেজুড়বৃত্তি করে প্রধান বিরোধী দল দেশে গণতান্ত্রিক ধারা নস্যাৎ করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। মানববন্ধনে আরও বক্তব্য দেন ধীরেন সিংহ, আবু হামেদ শাহাবুদ্দিন, লুৎফুর রহমান, প্রদ্যুৎ কুমার প্রমুখ। তথ্য বিবরণী।