ওয়ানগালায় মাতোয়ারা সবাই
সেরেনজিং (প্রেম ও বিচ্ছেদের গান) গাওয়ার ফাঁকে একদল ছেলে-বুড়ো উঠলেন মঞ্চে। পাখিতে ঘামজড়ানো জুমের ধান খেয়ে ফেলে। সেই পাখি তাড়াতে তাঁরা সমবেত কণ্ঠে গান ধরলেন, ‘রা রা ননো রা দফিৎ রিকেক দংবর।’ অর্থাৎ ‘পাখি না তাড়ালে সব ধান খেয়ে ফেলবে। বোন, তাড়াতাড়ি এসো।’নেচে-গেয়ে, আমোদ-ফুর্তি করে গত শুক্রবার ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটের আসকিপাড়া গ্রামে গারো আদিবাসীরা তাদের বৃহত্তম বার্ষিক উৎসব ওয়ানগালা বা ওয়ান্না উদ্যাপন করল। পাহাড়ের পাদদেশে বাংলাদেশের ছোট্ট গ্রামটি সেদিন সেজেছিল ভিন্ন সাজে। ওয়ানগালায় অংশ নিতে ও অনুষ্ঠান উপভোগ করতে গ্রামের বিশাল মাঠে শুক্রবার সকাল থেকে জড়ো হতে থাকে বিভিন্ন বয়সী গারো নারী-পুরুষ। স্থানীয় বাঙালিদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে ঢাকা থেকে আসেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। দেশের বাইরে সুদূর কম্বোডিয়া থেকে এসেছেন ফ্রান্সের নাগরিক জন খ্রিস্ট। সব মিলিয়ে বিভিন্ন ধর্ম ও শ্রেণী-পেশার প্রায় পাঁচ হাজার মানুষ উপভোগ করে গারোদের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির প্রার্থনা আর নাচ-গান। আশপাশের ২৩টি গ্রাম থেকে আসা পাঁচ শতাধিক সাংস্কৃতিক কর্মী ঢাকঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে, মুখে রং মেখে ও নানা রঙিন পোশাকে সেজে গান ও নৃত্য পরিবেশন করেন। সকালে প্রার্থনাপর্ব ও দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে ছেলে-বুড়ো সবাই মিলে মাঠে বসে একসঙ্গে চো (স্থানীয়ভাবে ভাত থেকে তৈরি মদ) ও খোজি (শূকরের মাংস) খাওয়ার পর্বে অংশ নেন। সবার প্রতি কৃতজ্ঞতাবোধ আদিবাসীদের সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। তাই গারোরা বছরে একটি দিন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের প্রাচীন ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরে নেচে-গেয়ে শস্য, নদী ও সূর্যকে প্রার্থনা করে, ধন্যবাদ জানায়। এটিই ওয়ানগালা বা ওয়ান্নার মূল বক্তব্য।বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও ওয়ান্না উৎসবের আহ্বায়ক সঞ্জীব দ্রং বলেন, ‘আজ থেকে ৫০-৬০ বছর আগে স্বেচ্ছায় খ্রিষ্টধর্ম গ্রহণ করার সময় গারোরা চিরায়ত ঐতিহ্য-সংস্কৃতি, আচার-অনুষ্ঠান ভুলে গিয়ে একেবারেই তা হারাতে বসেছিল। ওয়ানগালার মধ্য দিয়ে আমরা তা ফিরিয়ে আনতে চাই। আর তাই এ আয়োজন।’ তিনি আরও বলেন, ‘খ্রিষ্টধর্মের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। বরং তা আমাদের পরিপূরক। আমরা গারোরা মনে করছি, সে সময় আমরা যা ত্যাগ করেছিলাম, তা ভুল ছিল।’নাট্যব্যক্তিত্ব মামুুনুর রশীদ বলেন, ‘২০০৩ সাল থেকে আসকিপাড়ার প্রতিটি অনুষ্ঠানে আমি এসেছি। গারোসম্প্রদায়ের লোকজন খ্রিষ্টধর্ম অবলম্বন করার সময় তাঁদের যে বিশাল ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়েছিলেন, তা ফিরে পেতেই তাঁরা এ আয়োজন করছেন। আর তা ফিরে পাওয়ার এ চেষ্টার সঙ্গে সব সচেতন মানুষের অংশগ্রহণ ও সমর্থন প্রয়োজন।’