ওয়ান্ডারল্যান্ডে উচ্ছেদ চলছে, বন্ধ না করতে হাইকোর্টের রুল
রাজধানীর গুলশানে বেসরকারি বিনোদনকেন্দ্র ওয়ান্ডারল্যান্ডে গতকাল বৃহস্পতিবারও উচ্ছেদ অভিযান অব্যাহত ছিল। এদিকে জায়গাটি পাবলিক পার্ক হিসেবে সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে উচ্ছেদ কার্যক্রম এক দিনের জন্যও বন্ধ না করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল দ্বিতীয় দিনের মতো অভিযানকালে ওয়ান্ডারল্যান্ডের দক্ষিণ পাশের একটি রেস্টুরেন্ট, দক্ষিণ দিকের সীমানাপ্রাচীরসহ ভেতরের বেশ কিছু স্থাপনা ভেঙে ফেলা হয়। শ্রমিক নিয়োগ করে ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষ রাইডারগুলো খুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে। আগামী সোমবার উচ্ছেদের তৃতীয় দিনে সব স্থাপনা সরিয়ে নেওয়া সম্ভব হবে বলে রাজউক জানিয়েছে।উচ্ছেদ অভিযানের নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট মো. রোকন-উদ-দৌলা প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী উচ্ছেদ চলছে। গত রোববার উচ্ছেদ শুরু হয়। কর্তৃপক্ষ শ্রমিক নিয়োগ করে নিজেরাই রাইডারগুলো সরিয়ে নিচ্ছে। সোমবার আবারও অভিযান চলবে।গতকাল সকাল ১০টা থেকে দুটি বুলডোজার দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত উচ্ছেদ চলে। দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজউকের উচ্ছেদকারী দলে ৮০ জন পুলিশ ও ৫০ জন শ্রমিক যোগ দেন। ভেতরের রাইডারগুলোর উচ্ছেদ শুরু হলে কর্তৃপক্ষ নিজেরাই শ্রমিক নিয়োগ করে সেগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। এখন পাঁচ শতাধিক শ্রমিক সেখানে কাজ করছেন।সরেজমিনে ঘুরে দেখা যায়, ওয়ান্ডারল্যান্ডে শিশুদের বিনোদনের জন্য তৈরি কৃত্রিম ডলফিন, ঘোড়া, হরিণ, ডাইনোসরসহ সব দর্শনীয় স্থাপনা পড়ে আছে। অচল পড়ে আছে ওয়াটার কোস্টার, ভলকানো অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, থ্রিডি অ্যাডভেঞ্চার, ওয়েস্টার্ন ট্রেন, ম্যাজিক শো শপ, বাম্পার কার, ফ্যামিলি কোস্টারসহ সব রাইডার। অনেক দর্শনার্থী ভেতরের দৃশ্য দেখতে ছুটে যাচ্ছে সেখানে। অনেকে ধ্বংসপ্রাপ্ত স্থাপনার সঙ্গে শেষবারের মতো ছবি তুলছে।ওয়ান্ডারল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক জি এম মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘১৯৯০ সালে সিটি করপোরেশনের কাছ থেকে দরপত্রের মাধ্যমে এ জমি ইজারা নিয়েছি। রাজউকের সঙ্গে কোনো ধরনের মামলাও নেই। নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হচ্ছে। আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হয়নি।’এদিকে ওয়ান্ডারল্যান্ডের জায়গাটি পাবলিক পার্ক হিসেবে সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে গতকাল রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে চলমান উচ্ছেদ কার্যক্রম এক দিনের জন্যও বন্ধ না করতে রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন এসব নির্দেশ দেন।রুলের শুনানি না হওয়া পর্যন্ত ওই জায়গা অন্য কাউকে ইজারা না দেওয়ার নির্দেশ এবং পাশাপাশি ওয়ান্ডারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার নির্দেশও দেওয়া হয়।‘ওয়ান্ডারল্যান্ড ভাঙা হয়েছে হোটেল নির্মাণের জন্য’ শিরোনামে ৯ মে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ গতকাল রিটটি দাখিল করেন। রিটে পূর্তসচিব, ভূমিসচিব, রাজউকের চেয়ারম্যান এবং ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের প্রশাসককে বিবাদী করা হয়। বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।