বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ বলেছেন, ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ শেয়ার ভারতি এয়ারটেলের কাছে হস্তান্তর প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। তিনি বলেন, ভারতির কাছে ওয়ারিদ লাইসেন্স হস্তান্তর করবে না। ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার কিনে নিয়ে এয়ারটেল ওয়ারিদের কৌশলগত অংশীদার হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গ্লোবাল সার্ভিস মোবাইল অ্যাসোসিয়েশন (জিএসএমএ) আয়োজিত ‘২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের কাছে বিটিআরসি চেয়ারম্যান এ কথা বলেন। তিনি বলেন, ‘যা করেছি আইনানুগভাবেই করেছি। এতে কোনো অনিয়ম হয়নি।’সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, ওয়ারিদ একটি লোকসানি কোম্পানিতে পরিণত হয়েছে। সরকার কোম্পানিতে নতুন বিনিয়োগ অনুমোদন করেছে, যাতে করে ওয়ারিদ তার কার্যক্রম চালিয়ে যেতে পারে। ৭০ শতাংশ শেয়ার কিনতে এয়ারটেল কত টাকা দিয়েছে—জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ওয়ারিদের নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য এয়ারটেল ৩০০ মিলিয়ন ডলার ব্যয় করবে। আর এই শেয়ার হস্তান্তরের জন্য ওয়ারিদকে টোকেন মূল্য হিসেবে এক লাখ ডলার দিয়েছে।