ওয়ারিশ সনদপত্র নেওয়ার হিড়িক
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিষয়ে গেজেট প্রকাশের পর পিরোজপুরের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ওয়ারিশ সনদপত্র নেওয়ার হিড়িক পড়ে গেছে।পিরোজপুর পৌরসভার কাউন্সিলর সাদুল্লাহ লিটন জানান, প্রতিদিন পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গড়ে ১০ থেকে ১৫ জন ব্যক্তি আসছেন ওয়ারিশ সনদপত্র নিতে। পিরোজপুর পৌরসভার মাছিমপুর এলাকার বাসিন্দা আহসান জানান, তাঁরা পাঁচ ভাইবোন। তাঁদের বাবা অনেক আগে মারা গেছেন। এ পর্যন্ত তাঁদের ওয়ারিশ সনদের প্রয়োজন হয়নি। বাবা অর্পিত সম্পত্তির মালিক হওয়ায় অংশীদার হিসেবে তাঁকে ওয়ারিশ সনদ তুলতে হবে ট্রাইব্যুনালে আবেদনের জন্য।মঠবাড়ীয়া উপজেলার তুষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদারসহ অন্যান্য উপজেলার আরও বেশ কয়েকজন ইউপির চেয়ারম্যান জানান, সম্প্রতি প্রতিদিন অনেক লোক ইউপি কার্যালয়ে আসছেন ওয়ারিশ সনদ নিতে। জিজ্ঞাসা করলে তাঁরা জবাব দেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিষয়ে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য তাঁদের এ সনদের প্রয়োজন।ক-তফসিলের (লিজ নেওয়া জমি) আইনজীবী মতিউর রহমান জানান, অর্পিত সম্পত্তির অংশীদার হিসেবে দাবি করতে হলে অর্পিত সম্পত্তির রেকর্ডকৃত মালিকের ওয়ারিশ সনদ অবশ্যই আবেদনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।