ওয়ারী স্বাস্থ্যকেন্দ্রের পাশে এখনো অস্বাস্থ্যকর অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ারীর রযাত ঙ্কিন স্ট্রিটে হেলথ কেয়ার সেন্টারের কাছের রাস্তায় এখনো পয়োলাইনের পানি। ম্যানহোলের ঢাকনা উপচে সারাক্ষণ বেরোচ্ছে তরল বর্জ্য। প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনায় পড়ছে।
গতকাল শনিবার দুপুরে এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা যায়। গত ১৫ আগস্ট ওই এলাকায় গিয়ে রাস্তাটির একই অবস্থা দেখা গিয়েছিল। পরের দিন এ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন স্থানীয় ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারওয়ার হাসান প্রথম আলোকে বলেছিলেন, যোগীনগরের একটি নর্দমা হেলথ কেয়ার সেন্টারের পাশের রাস্তায় ঢুকে পড়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। খুব শিগগির এই সমস্যার সমাধান করা হবে। গতকাল আবারও কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঠিক করা হয়েছিল, আবার খারাপ হয়ে গেছে। তিনি বলেন, এ বিষয়ে ঢাকা ওয়াসার কাজ সবচেয়ে বেশি। তাদের ড্রেনেজ লাইন ও ম্যানহোল থেকে ময়লা পানি আসছে। তাদের লোকদের দিয়ে কাজ করিয়ে তিনি পকেট থেকে নিয়মিত টাকা খরচ করেন বলে জানান।
বিষয়টি ঢাকা ওয়াসার আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট একজন প্রকৌশলীকে জানালে গতকাল তিনি বলেন, লোকবলের অভাবে সবদিক দেখা সম্ভব হয় না। তারপরও এলাকার বাসিন্দারা অভিযোগ করলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে।
গতকালও এলাকায় বাসিন্দা ও বাইরে থেকে আসা মানুষের দুর্দশার চিত্র চোখে পড়ে। স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের (হেলথ কেয়ার সেন্টার) ঠিক পাশে এমন অস্বাস্থ্যকর অবস্থা। ওই স্বাস্থ্যকেন্দ্রের পাশের গলিতে কয়েকটি বহুতল ভবন। সেখানে বসবাস করে বেশ কিছু পরিবার। একটি ভবনের কয়েকজন বাসিন্দা দুঃখ প্রকাশ করে বলেন, এই গলিটি বছরের বেশির ভাগ সময়ই এমন দুরবস্থায় থাকে। এখানে যে কোনো ভদ্রলোক বসবাস করেন, অন্তত সিটি করপোরেশন আর ওয়াসার লোকজন হয়তো তা মনে করেন না। বৃষ্টি হলে পুরো গলি পরিণত হয় নর্দমায়।
এলাকার লাবণ্য ড্রাই ক্লিনার, অঞ্জন’স, টাচ কালেকশনের কর্মচারীরাও ম্যানহোলের উপচে পড়া ময়লা পানি নিয়ে অভিযোগ করেন।